জার্মানির হামবুর্গে পত্রিকা অফিসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসের ব্যঙ্গধর্মী পত্রিকা শার্লি এবদোতে প্রকাশিত কার্টুন পুনর্মুদ্রণ করায় হামবুর্গের দৈনিক মরগেন পোস্ট পত্রিকা কার্যালয়ে হামলা হয়েছে।
শনিবার দিবাগত রাত দুটোর কিছু পর পত্রিকাটির মহাফেজখানায় (আর্কাইভ) দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়। এতে কেউ আহত না হলেও কিছু দলিল-দস্তাবেজ পুড়ে গেছে।
মরগেন পোস্ট গত বৃহস্পতিবার তাদের প্রথম পাতায় প্যারিসের শার্লি এবদোতে অতীতে প্রকাশিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন পুনর্মুদ্রণ করে। এ ছাড়া প্যারিসের জঙ্গি হামলায় হতাহত কার্টুনিস্টদের সঙ্গে সংহতি প্রকাশ করে পাঁচটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে।
এগুলো প্রকাশের তিন দিন পর গভীর রাতে হামবুর্গের গ্রিগ সড়কে অবস্থিত পত্রিকাটির অফিস ভবনের পেছন দিকে থাকা মহাফেজখানার জানালা দিয়ে কেউ ইট ও দাহ্য পদার্থ ছুড়ে দেয়। ঘটনার পর পরই পুলিশ সেখান থেকে দুই সন্দেহজনক যুবককে আটক করেছে।