
জার্মানির মিউনিখ শহরের বিপণিবিতানে হামলাকারীর পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ১৮ বছরের ওই তরুণ ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। তিনি ‘মানসিক বিকারগ্রস্ত’ ছিলেন বলে পুলিশের ধারণা। ইসলামিক স্টেট (আইএস) বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
গত শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া বিপণিবিতানে ওই তরুণের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। এটি ইউরোপে গত কয়েক দিনের মধ্যে তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।
শিশুসহ আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় এ হামলায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
হামলাকারী তরুণের নাম প্রকাশ করা হয়নি। তবে ডেইলি মেইল পত্রিকা তঁার নাম আলি ডেভিড সনবোলি বলে উল্লেখ করে একটি ছবি প্রকাশ করেছে। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ শহরেই। জার্মানির পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, ওই তরুণ একাই গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে তাঁর বাসায় বিভিন্ন হামলার ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের কপি পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণ মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।
মিউনিখের পুলিশপ্রধান হেবার্টাস আন্ড্রে বলেন, হামলার কারণ এখন পর্যন্ত ‘সম্পূর্ণ অস্পষ্ট’। তবে এর সঙ্গে নরওয়ের উগ্র ডানপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের হামলার যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার ছিল নরওয়েতে ব্রেইভিকের গুলি করে ৭৭ জনকে হত্যার ঘটনার পঞ্চম বার্ষিকী।
পুলিশপ্রধান আরও বলেন, জার্মানি ও ইরান দুই দেশেরই নাগরিক এ হামলাকারীর কোনো ধরনের অপরাধ-সংশ্লিষ্টতার তথ্য পুলিশের কাছে ছিল না।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে শহরের একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় গুলির ঘটনা শুরু হয়। পরে ছোট আগ্নেয়াস্ত্রধারী হামলাকারী তরুণ অলিম্পিয়া বিপণিবিতানে হানা দেন।
প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছিল, হামলাকারী তিনজন। তবে সন্দেহভাজন দুজনকে আটকের পর তাঁরা বলেন, আক্রান্ত হওয়ার ভয়েই তাঁরা দ্রুত বিপণিবিতান থেকে গাড়ি চালিয়ে পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন হামলাকারী তরুণ। পরে বিপণিবিতানের এক কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তবে পুলিশের গুলিতেই তিনি নিহত হয়েছেন, নাকি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।