জার্মানির ১১ এমপিকে পুলিশি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির তুর্কি বংশোদ্ভূত ১১ পার্লামেন্ট সদস্যের নিরাপত্তায় পুলিশি প্রহরা বসানো হয়েছে। অটোমান তুর্কি শাসনামলে লাখো আর্মেনীয় হত্যার ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জার্মান পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে সমর্থনের জন্য তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হুমকির প্রেক্ষাপটে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওই এমপিদের তুরস্ক সফরের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। মন্ত্রী বলেন, সেখানে গেলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না-ও হতে পারে।
আলোচিত প্রস্তাবটি পাস হওয়া নিয়ে জার্মানির সঙ্গে তুরস্কের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা দৃশ্যত ক্রমশ বাড়ছে। তুর্কি বংশোদ্ভূত ওই ১১ এমপি প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ার পর থেকে একাধারে তুরস্ক সরকার ও জার্মানির ভেতরে থাকা তুর্কি বংশোদ্ভূত সম্প্রদায়ের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন।
প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে সংঘটিত ওই হত্যাকাণ্ডকে এ পর্যন্ত ফ্রান্স, রাশিয়াসহ ২০টির বেশি দেশ ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে। তুর্কি ছাড়া বেশির ভাগ পণ্ডিত ওই ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়ে থাকেন। তবে জার্মানি প্রস্তাবটি পাসে ক্ষুব্ধ তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১১ এমপির সমালোচনা করে বলেছেন, ‘তাঁরা কোন ধরনের তুর্কি?’
আঙ্কারার মেয়র এক টুইটে বলেন, ‘তাঁরা আমাদের পিঠে ছুরি মেরেছেন।’ জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বার্তা ফের টুইট করেছেন অনেক তুর্কি জাতীয়তাবাদী। তাঁদের কেউ কেউ এ এমপিদের মেরে ফেলার হুমকি দেন। আবার তুরস্কের একদল আইনজীবী ওই ১১ জনের বিরুদ্ধে ‘তুর্কি পরিচয় ও তুরস্ক রাষ্ট্রের ভাবমূর্তি অবজ্ঞা’ করার অভিযোগ তুলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন বলে খবর বেরিয়েছে।
জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরির পক্ষ নিয়ে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল তুর্কি অটোমান সাম্রাজ্য। সেই সময় আর্মেনীয়রা অটোমান সাম্রাজ্যের অধীন ছিল। যুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্য আর্মেনীয়দের ‘ঘরের শত্রু’ বলে প্রচারণা চালায়। আর্মেনীয়দের দাবি, ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে তাঁদের ১৫ লাখ মানুষ হত্যা করা হয়। তবে তুরস্কের দাবি, এটা গণহত্যা নয় এবং নিহত মানুষের ওই সংখ্যাও ঠিক নয়।