জি-২০ সম্মেলন ঘিরে দাঙ্গা-হাঙ্গামা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি-২০ সম্মেলনের বিরুদ্ধে হামবুর্গের এলব ফিলোমনির কাছে বিক্ষোভকারীরা নেচে গেয়ে বাদ্য বাজিয়ে প্রতিবাদ করেন। ছবি: সরাফ আহমেদ
জি-২০ সম্মেলনের বিরুদ্ধে হামবুর্গের এলব ফিলোমনির কাছে বিক্ষোভকারীরা নেচে গেয়ে বাদ্য বাজিয়ে প্রতিবাদ করেন। ছবি: সরাফ আহমেদ

জার্মানির বন্দরনগরী হামবুর্গে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দাঙ্গা-হাঙ্গামা হয়েছে। শহরের কেন্দ্রে ফেয়ার কংগ্রেস সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিক্ষোভকারীদের রাস্তায় ততটা না দেখা গেলেও বিকেলের দিকে তাঁরা আবার রাস্তায় নেমে আসেন।


অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর সংগঠন জি-২০-এর দুই দিনব্যাপী সম্মেলনে কেবল সৌদি আরব ছাড়া সব কটি দেশের রাষ্ট্রপ্রধানেরা হামবুর্গে অবস্থান করছেন। এ ছাড়া বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘসহ প্রায় ৩০টি সংগঠন সম্মেলনে অংশ নিয়েছে। সদস্য দেশগুলোর বাইরের আরও কিছু দেশকে এবারের স্বাগত দেশ জার্মানি আমন্ত্রণ জানিয়েছে। আর সারা বিশ্ব থেকে চার হাজার সাংবাদিক এসে জড়ো হয়েছেন বন্দর নগরী হামবুর্গে।

হামবুর্গের শহরজুড়ে সাইকেলযোগে কয়েক হাজার বিক্ষোভকারী। ছবি: সরাফ আহমেদ
হামবুর্গের শহরজুড়ে সাইকেলযোগে কয়েক হাজার বিক্ষোভকারী। ছবি: সরাফ আহমেদ

হামবুর্গে জি-২০ সম্মেলন চলাকালে এই জোটের নীতিবিরোধী প্রায় ৮০টি আন্তর্জাতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, বামপন্থী দলগুলো হামবুর্গে ৬ জুলাই থেকে দুই দিনব্যাপী বিকল্প সম্মেলন করছেন। সারা জার্মান ও ইউরোপের নানা দেশ থেকে লক্ষাধিক রাজনৈতিক কর্মী সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে হাজির হয়েছেন হামবুর্গে। শুধু সুইজারল্যান্ড থেকেই একটি বিশেষ ট্রেনে ৬০০ বিক্ষোভকারী হামবুর্গে এসেছেন। তাঁরা বলছেন, এই জোট বিশ্বব্যাপী সামাজিক অসমতা ও বৈষম্য তৈরি করছে।

সম্মেলনের আগের দিন শুক্রবার সন্ধ্যায় বন্দর এলাকার ফিস মার্কেটে ‘ওয়েলকাম টু হেল’ শীর্ষক বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে দাঙ্গা-হাঙ্গামায় কয়েক শ বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়েছে। শনিবার হামবুর্গে জি-২০ সম্মেলন স্থলের অনতিদূরে সত্তর দশক থেকে বামপন্থীদের অঞ্চল বলে পরিচিত সানসেনে রোটেফ্লোরা সাংস্কৃতিক কেন্দ্রকে ঘিরে গভীর রাত পর্যন্ত দাঙ্গা-হাঙ্গামা হয়েছে। এ সময় সুপার মার্কেটে লুটতরাজের ঘটনাও ঘটেছে। রোববারও হামবুর্গে দুটি বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

হামবুর্গ শহরজুড়ে পুলিশের নিরাপত্তাব্যবস্থা। ছবি: সরাফ আহমেদ
হামবুর্গ শহরজুড়ে পুলিশের নিরাপত্তাব্যবস্থা। ছবি: সরাফ আহমেদ

সম্মেলন ঘিরে হামবুর্গে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে শহরজুড়ে। ১৯টি হেলিকপ্টার অনবরত শহরময় চক্কর দিচ্ছে।

দুই দিন ধরে শহরের বিভিন্ন রাস্তা পুলিশ বন্ধ করে দেওয়ায় হামবুর্গের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। সম্মেলন চলাকালে শহরে নিরাপত্তার কারণে যানবাহন সমস্যা ও দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কায় আগে থেকেই ১০ হাজার লোক কাজ থেকে ছুটি নিয়েছেন।

হামবুর্গের বন্দর এলাকায় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা। ছবি: সরাফ আহমেদ
হামবুর্গের বন্দর এলাকায় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা। ছবি: সরাফ আহমেদ

এবারের সম্মেলনে বাণিজ্য বিনিময় ও জলবায়ুবিষয়ক মূল দুটি ইস্যুতে জোট সদস্যভুক্ত দেশগুলো শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে পৌঁছায়, তা সম্মেলনের শেষে রাতে জানা যাবে।