
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে থাকা অন্যতম প্রার্থী কট্টর ডানপন্থী মারি লো পেন বলেছেন, তিনি নির্বাচিত হলে সব ধরনের অভিবাসন কার্যক্রম বন্ধ করে দেবেন।
বিক্ষোভের মুখে প্যারিসে এক নির্বাচনী জনসভায় ন্যাশনাল ফ্রন্টের নেতা লো পেন বলেন, বর্তমানে ফ্রান্সে ‘অনিয়ন্ত্রিত ও বিশৃঙ্খল পরিস্থিতি’ বিরাজ করছে। তিনি এই পরিস্থিতির পরিবর্তন করতে চান।
লো পেন বলেন, নির্বাচিত হলে তিনি সাময়িকভাবে সব ধরনের বৈধ অভিবাসন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। কারণ, ‘এই পাগলামি ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি’ পুরো দেশকে পিছিয়ে দিচ্ছে। বিরতির পর ফ্রান্স আরও যৌক্তিক, মানবিক ও বাস্তবায়নযোগ্য অভিবাসন নীতিমালা চালু করবে।
ন্যাশনাল ফ্রন্টের নেতা আরও বলেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচন হবে তাঁর ‘দেশপ্রেমের আদর্শ’ এবং বিরোধী ‘বর্বর বিশ্বায়নের’ মধ্যে।
লো পেনের ওই সমাবেশে পাঁচ হাজারের বেশি সমর্থক উপস্থিত ছিলেন। সভাস্থলের বাইরে জড়ো হয়ে অনেকে লো পেনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের হটিয়ে দেয়। কাউকে অবশ্য আটক করা হয়নি।
২৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ এবং ৭ মে শেষ ধাপ। প্রথম ধাপে মধ্য বামপন্থী ও মধ্য ডানপন্থী দলগুলো থেকে মোট ১১ জন প্রার্থী লড়বেন। শীর্ষ প্রার্থীরা হচ্ছেন মারি লো পেন, মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রঁ এবং রিপাবলিক দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিওঁ। সাম্প্রতিক জরিপ বলছে, লো পেন ও ইমানুয়েল ম্যাক্রঁর মধ্যে শেষ ধাপের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ম্যাক্রঁ তাতে জিতে যেতে পারেন। এ দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।।