জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধে তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির উন্নয়ন অবশ্যই বন্ধ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশ্বের ৮০ শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনের কয়েক দিন আগে গত বৃহস্পতিবার এ অভিমত দেন তাঁরা।

এক লিখিত ঘোষণায় এই অর্থনীতিবিদেরা বলেন, বিশ্ব জলবায়ু রক্ষায় তাঁরা অবিলম্বে নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও এ-সংক্রান্ত অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ বন্ধের আহ্বান জানাচ্ছেন। সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ নাটকীয়ভাবে বাড়ানোকে উৎসাহিত করছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উদ্যোগে ১২ ডিসেম্বর প্যারিসে ১০০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ওই জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে ৫০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন দেশ, বিশেষত উন্নয়নশীল দেশে কার্বন নিঃসরণের মাত্রা কম হয় এমন অর্থনৈতিক ব্যবস্থার রূপান্তরে গতি আনতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে সম্মেলনে। তবে অর্থনীতিবিদেরা সতর্ক করে বলেছেন, সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনাই জলবায়ু রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নয়।