জীবিত সোভিয়েত সেনাদের ক্ষতিপূরণ দেবে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি নেতা হিটলারের বাহিনীর হাতে বন্দী সোভিয়েত লালফৌজের মধ্যে বেঁচে থাকা দুই হাজার সদস্যকে ক্ষতিপূরণ দেবে জার্মানি। দেশটির পার্লামেন্ট বুধবার এ ব্যাপারে সম্মত হয়েছে। দেরিতে হলেও এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসি বাহিনীর হাতে লাখ লাখ সোভিয়েত সেনা আটক হয়েছিলেন। তাঁদের অনেকেই বন্দী অবস্থায় অসুস্থতা, ক্ষুধা ও মানবেতর জীবনের কারণে মৃত্যুবরণ করেন বা হত্যাকাণ্ডের শিকার হন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জার্মানিতে আলোচনায় এলেও দেশটির পার্লামেন্ট এত দিন এ বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারেনি। তবে
গত বুধবার পার্লামেন্ট সদস্যরা বেঁচে থাকা সাবেক সোভিয়েত সেনাদের জন্য এক কোটি ইউরো ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সম্মত হন। সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর এখনো জীবিত থাকা দুই হাজার সাবেক সেনার মধ্যে এই ক্ষতিপূরণের অর্থ বণ্টন করা হবে।