জেনেভার আলোচনা স্থগিত বলে জানিয়েছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে জাতিসংঘের মধ্যস্থতায় সমঝোতা আলোচনা সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা মাসের শেষদিক পর্যন্ত স্থগিত করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল শুক্রবার মস্কোয় এ কথা বলেছেন। এদিকে রাশিয়া বলেছে, সিরিয়া নিয়ে তুরস্ক ও ইরানের সঙ্গে সহযোগিতা দীর্ঘমেয়াদি হবে বলে দেশটি আশা করছে।

জেনেভা আলোচনা বিলম্বিত হওয়ার বিষয়টি জাতিসংঘ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। জাতিসংঘের বিশেষ দূত স্তেফান ডে মিস্তুরার মুখপাত্র ইয়ারা শরিফ গতকাল জেনেভায় বলেছেন, আলোচনা প্রসঙ্গে রাশিয়ার বিবৃতির তথ্য সম্পর্কে জাতিসংঘ কোনো নিশ্চয়তা দিতে পারছে না। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আলোচনা স্থগিত রাখার ব্যাপারে তাঁর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। জাতিসংঘের বিশেষ দূত মহাসচিবের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক শেষ করে ফিরে এলেই তা জানানো সম্ভব হবে।  

সিরিয়ার বিরোধীদের একটি অংশ গতকাল মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠক করে। তবে প্রধান বিরোধী পক্ষ এতে অংশ নেয়নি। সশস্ত্র বিদ্রোহী পক্ষের প্রতিনিধিরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে কাজাখস্তানের রাজধানী আসতানায় প্রথম মুখোমুখি আলোচনায় বসার আশা করেছিলেন। তবে বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আলোচনা প্রত্যাখ্যান করেন। ফলে মধ্যস্থতাকারীরা হস্তক্ষেপ করতে বাধ্য হন। এই আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে রাশিয়ার পাশাপাশি সিরিয়ার প্রতিবেশী তুরস্ক এবং ইরানের সমর্থন উল্লেখযোগ্য। তারা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সম্পাদন করাতে চায়।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় তিন লাখ ১০ হাজার মানুষ নিহত হয়েছে। বাশার আল-আসাদের সরকার রাশিয়া, তুরস্ক ও ইরানের সমর্থন নিয়ে বহাল রয়েছে। বাশার সরকার দ্বিতীয় বৃহত্তম নগর আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীদের গত মাসে হটিয়ে দিয়েছে।