জেনেভায় মার্কিন কূটনৈতিক শূন্যতা?
‘এসবের মধ্যে যুক্তরাষ্ট্র কোথায়? আমি বলতে পারছি না, কারণ আমার জানা নেই।’ এ বক্তব্য জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্তেফান দো মিস্তুরার। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আয়োজনে সিরিয়াবিষয়ক শান্তি আলোচনা নতুন করে শুরুর আগে এমন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার শুরু হয়েছে এ আলোচনা।
কয়েক মাস আগেও জাতিসংঘের কোনো দপ্তরে এমন মন্তব্য অভাবনীয় ছিল। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভায় নিয়মিত উপস্থিত হতেন। তিনি কেবল সিরিয়ার ব্যাপারে নয়, ইরানের পারমাণবিক চুক্তি এবং ইউক্রেনের বিষয়েও মার্কিন কূটনীতির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এখন জেনেভায় যুক্তরাষ্ট্রের নীরবতা স্পষ্ট। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে পশ্চিমা বিশ্বের নেতৃত্বের এমন অনুপস্থিতি পর্যবেক্ষকদের কাছে বিস্ময়কর। নতুন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত নিয়মিত ব্রিফিং চালু করেনি। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অনেক দূতাবাসও রাষ্ট্রদূতশূন্য।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রদূত পরিবর্তন অস্বাভাবিক নয়। রীতি অনুযায়ী তাঁরা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করেন। রাষ্ট্রদূতদের অনেকেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান। তবে পদত্যাগপত্রগুলো তাৎক্ষণিকভাবে গৃহীত হয় না। রাষ্ট্রদূতদের সচরাচর দায়িত্ব চালিয়ে যেতে বলে দেওয়া হয় অন্তত তাঁদের পদে নতুন নিয়োগের আগ পর্যন্ত।
কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে এসব কিছুই ঘটতে দেখা যাচ্ছে না। বরং বেশ কয়েকজন কূটনীতিককে সবকিছু গুছিয়ে ঘরে ফিরতে বলা হয়েছে। জেনেভায় জাতিসংঘ দপ্তরে কোনো মার্কিন রাষ্ট্রদূত নেই, এমনকি এ পদে কাউকে মনোনয়নও দেওয়া হয়নি। তার মানে, এ পদ পূরণে আরও কয়েক মাস লাগতে পারে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হলেও তাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব নেই। ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসের টেলিফোন এখন স্থায়ী কর্মীরাই ধরছেন। দূতাবাসকর্মীরা যাতে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো ধরনের কথা না বলেন, ওয়াশিংটন সে নির্দেশ দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এ তথ্য দিয়েছে।
সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্টের ইমেরিটাস অধ্যাপক জ্যঁ-পিয়ের লেমান বলেন, ‘বৈশ্বিক শাসনপ্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিচ্ছে। এটাই কথিত আমেরিকা ফার্স্ট নীতি...আর লোকরঞ্জনবাদের অর্থ তো মানবিকতাবাদ নয়।’
সব পর্যবেক্ষক অবশ্য এ রকম নৈরাশ্যবাদী নন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক মার্ক হল মনে করেন, নতুন মার্কিন প্রশাসন এখনো সন্ধিক্ষণে রয়েছে। জনগণ যখন ট্রাম্পের উত্তেজনাপূর্ণ বিভিন্ন ঘোষণার পরিণাম দেখবে, সরকার তখন হয়তো পিছু হটবে। তবে জাতিসংঘের কিছু উদ্যোগের ব্যাপারে মার্কিন নীতি ইতিমধ্যে স্পষ্ট। শরণার্থী, জলবায়ু, পরিবেশ ইত্যাদি বিষয়ে তিনি আশাবাদী নন।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সবচেয়ে বড় তহবিল দাতা যুক্তরাষ্ট্র। তারা জাতিসংঘের এই সংস্থার বাজেটের ৩০ শতাংশের বেশি জোগান দিয়ে থাকে। কেবল গত বছর এই খাতে যুক্তরাষ্ট্র ২০০ কোটি ডলার দিয়েছে। ডব্লিউএফপি চলতি মাসে দক্ষিণ সুদানে খরার ঘোষণা দিয়েছে। ইয়েমেন এবং হর্ন অব আফ্রিকা এলাকায়ও তারা খরা সতর্কতা জারি করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থাও মার্কিন তহবিলের ওপর অনেকাংশে নির্ভরশীল। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের অবস্থান কী হবে, তা অনিশ্চিত। কূটনৈতিক পদগুলোর শূন্যতা হয়তো দূর হবে। কিন্তু নতুন কূটনীতিকেরা কীভাবে সমালোচনাবিরোধী একজন প্রেসিডেন্টের অধীনে কাজ করবেন, সেটা এক বড় প্রশ্ন।