চতুর্থ বিয়েতে সবচেয়ে সৌভাগ্যবান মারডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক। ৮৪ বছর বয়সে তিনি ৫৯ বছরের অভিনেত্রী ও সুপার মডেল জেরি হলের হাত ধরে নতুন সংসার পেতেছেন। লন্ডনে গতকাল শুক্রবার ওই বিয়ের আয়োজন করা হয়। মারডক বলেন, বিয়ের পর নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মনে হচ্ছে।
স্থানীয় সময় আজ শনিবার লন্ডনের ফ্লিট স্ট্রিটের সেন্ট ব্রাইডস চার্চে তাদের বিবাহোত্তর অনুষ্ঠান হবে। এতে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এএফপির খবরে জানানো হয়, বউ জেরি হলের এটি প্রথম বিয়ে। তবে জেরি সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২৩ বছর একসঙ্গে ছিলেন। জ্যাগার ও হলের চারটি সন্তান রয়েছে। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকা শুরু করেন। রুপার্ট মারডক এর আগে প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক আন্না টর ও সবশেষ ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। ওয়েন্ডির সঙ্গে ২০১৩ সালে বিচ্ছেদ হয়।

লন্ডনের সেন্ট জেমস এলাকায় স্পেন্সার হাউসে মারডকের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে মারডককে দেখা যায় নীল রঙের স্যুটে। হল পরেছিলেন সাদা রঙের কোট। এই পোশাকেই ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তাঁরা।

বিয়ের পরই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় মারডক লেখেন, তিনি এখন নিজেকে সবচেয়ে সুখী মনে করছেন। বিয়ের পর নববধূর সঙ্গেই কাটবে সময়। তাই আগামী ১০ দিন টুইটারে আর কোনো বার্তা দেবেন না।

মারডকের সম্পদের পরিমাণ এক হাজার ১০০ কোটি ডলার। বিশ্বের বিখ্যাত সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউ ইয়র্ক পোস্ট ও ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সানের কর্ণধার তিনি। গত বছরের অক্টোবরে লন্ডনে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক রুপার্ট মারডকের সঙ্গে জেরি হলের দেখা। এ বছরের ১২ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে ৭৩ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস উৎসবে বাগদান সম্পন্ন হয় মারডক ও জেরির। মারডকের মালিকানাধীন টাইমস পত্রিকায় এই বিয়ের খবরটি প্রকাশিত হয়।