জোর করে বন্ধ্যা করা হয়েছিল আদিবাসী নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতকের সত্তরের দশকে জোর করে বন্ধ্যা করা হয়েছিল কানাডার আদিবাসী নারীদের। এর আগে যতটা মনে করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ছিল বন্ধ্যাকরণের মাত্রা। কানাডার উত্তরের আদিবাসী নারীদের ওপর চালানো এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্সের।
কানাডার অন্টারিওর উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক কারেন স্টোট সাম্প্রতিক গবেষণায় আদিবাসী নারীদের ওপর এই নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, কানাডার সরকার জোর করে বন্ধ্যাকরণের বিষয়টি জানত। তবে তা বন্ধ করার কোনো চেষ্টা করেনি।
কারেন স্টোট বলেন, ১৯৭১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বন্ধ্যাকরণের ৫৫০টি হয়েছে ‘ইন্ডিয়ান’ অর্থাৎ ‘আদিবাসীদের’ জন্য কেন্দ্রীয় সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে। জোর করেই যে এসব বন্ধ্যাকরণ হয়েছে, তার নিশ্চিত প্রমাণ আছে। বন্ধ্যাকরণের জন্য সম্মতিপত্রের ভাষা আদিবাসীদের ভাষায় অনুবাদ করা হয়নি। তাই বক্তব্য না জেনেই নারীরা সেগুলোতে সম্মতি দিয়েছে।
এর আগে জোর করে বন্ধ্যাকরণের ঘটনার জন্য কানাডার আলবার্টা প্রদেশ সরকার ক্ষমা চায় এবং ক্ষতিপূরণও দেয়। জোর করে বন্ধ্যাকরণকে নারীর প্রতি একধরনের বৈষম্য ও সহিংসতা বলে মনে করে জাতিসংঘ। এটি তার মানবাধিকারেরও লঙ্ঘন।