জ্যামিতির ব্যবহারে এগিয়ে ব্যাবিলনীয়রা?

জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতমানের জ্যামিতির ব্যবহার কবে থেকে শুরু? এখন পর্যন্ত প্রতিষ্ঠিত ধারণা হলো, চতুর্দশ শতক থেকে। তবে নতুন এক গবেষণা বলছে, তারও অন্তত ১৪০০ বছর আগে এমন জ্যামিতির ব্যবহার শুরু। খবর বিবিসির।
নতুন এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ। এই গবেষণায় দেখা গেছে, প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতার মানুষও রাতের আকাশে বৃহস্পতি গ্রহের গতিবিধি শনাক্ত করতে জ্যামিতিক গণনা ব্যবহার করত। গবেষণা নিবন্ধটির লেখক জার্মানির বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ অসেন্ড্রাইভার বলেন, ‘আমি এটা প্রত্যাশা করিনি। পদার্থবিজ্ঞানের পাশাপাশি বিজ্ঞানের সব শাখায় ব্যবহারের ক্ষেত্রেই এটা সম্পূর্ণভাবে মৌলিক।’
আধুনিককালের ইরাক ও সিরিয়ায় প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতার বিকাশ ঘটেছিল আনুমানিক ১৮০০ খ্রিষ্টপূর্বাব্দে। ব্যাবিলনীয়রা জ্যোতির্বিজ্ঞানে বেশ অগ্রসর ছিল, তা আগে থেকেই জানা। বিভিন্ন সময়ে আবিষ্কৃত কিউনিফর্ম লিপিতে লেখা তাদের মৃত্তিকাফলকগুলো থেকেই তা স্পষ্ট।
অধ্যাপক অসেন্ড্রাইভার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সায়েন্স ইন অ্যাকশন অনুষ্ঠানে বলেন, ‘তারা (ব্যাবিলনীয়রা) আকাশে যা দেখত, তা লিখে রাখত। এটা তারা করেছে খুবই দীর্ঘ সময় ধরে; শতকের পর শতক।’
কিন্তু সর্বশেষ এই গবেষণায় দেখা গেছে, ব্যাবিলনীয়রা গাণিতিক হিসাবের ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল। এত দিন ভাবা হতো, জ্যামিতির জটিল গণনা প্রথম ব্যবহার করেন অক্সফোর্ড ও প্যারিসের পণ্ডিতেরা; মধ্যযুগে। কিন্তু এখন বিজ্ঞানীরা মনে করছেন, এই কৌশল প্রথম তৈরি করেছিল ব্যাবিলনীয়রাই; সেই খ্রিষ্টপূর্ব ৩৫০ সালে।
অধ্যাপক অসেন্ড্রাইভার পাঁচটি ব্যাবিলনীয় মৃত্তিকাফলক পরীক্ষা-নিরীক্ষা করেন। এই লিপিগুলো থেকে দেখা যাচ্ছে, ব্যাবিলনীয়রা বৃহস্পতি গ্রহের অবস্থান ও দূরত্ব চিহ্নিত করতে চার বাহুবিশিষ্ট কিছু নকশা ব্যবহার করত, যা জ্যামিতিতে ‘ট্র্যাপিজয়েড’ নামে পরিচিত। এমন চতুর্ভুজের কোনো বাহুই সমান্তরাল হয় না।
অসেন্ড্রাইভার বলেন, সেই নকশার মাধ্যমে বৃহস্পতি গ্রহের বেগ সময়ের ব্যবধানে কতটা পরিবর্তিত হয়, তা বর্ণনা করা হতো। এখানে সমতল দিকের অক্ষটি সময়, আর খাড়া দিকের অক্ষটি বেগ বোঝাতে ব্যবহার করা হতো। আর ট্র্যাপিজয়েড এলাকাটি বৃহস্পতি যতটা পথ পরিভ্রমণ করে, তার দূরত্ব নির্দেশ করে। অসেন্ড্রাইভারের মতে, এই পদ্ধতি খুবই নতুন।
তবে এই পদ্ধতি ব্যাবিলনীয়রা কতটা ব্যবহার করেছে, তা বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়।