টহলকালে ইউক্রেনে ঢুকতে পারে সেনারা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সীমান্তে টহল দেওয়ার সময় রুশ সেনারা ইউক্রেনের সীমানায় ঢুকে পড়তে পারে। এ নিয়ে ইউক্রেন কোনো ঝামেলা করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ বুধবার বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পুতিন এ কথা বলেন।
এর আগে কিয়েভ দাবি করে, ইউক্রেনের ভেতর ঢুকে পড়ায় তারা মস্কোর ১০ জন ছত্রী সেনাকে আটক করেছে। পুতিন বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনো এ ব্যাপারে তিনি কোনো প্রতিবেদন পাননি।
এএফপির খবরে জানানো হয়, মিনস্কে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে এখনো কোনো খবর পাইনি। আমি যা শুনেছি, তারা (সেনারা) সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ইউক্রেনের ভূখণ্ডে ঢুকে পড়তে পারে। আমি আশা করব, এ নিয়ে তেমন সমস্যা হবে না। ’
এদিকে মিনস্কে ইউক্রেনের পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুতিন ও পোরোশেনকোর বৈঠকে দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি।