টাইমের বর্ষসেরা মেরকেল
ইউরোপের ঋণসংকট ও শরণার্থী-অভিবাসী সমস্যা মোকাবিলায় ভূমিকা রেখে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন। খবর এএফপির।
টাইম ম্যাগাজিন গতকাল বুধবার ‘পারসন অব দ্য ইয়ার-২০১৫’ ঘোষণা করে। টাইম-এর সম্পাদক ন্যান্সি গিবস লিখেছেন, বেশির ভাগ রাজনীতিবিদ দেশের জন্য যে কাজগুলো করতে সাহস করেন না; মেরকেল তা করেছেন। জুলুমবাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দৃঢ় নৈতিক নেতৃত্ব দেখিয়েছেন। এ গুণগুলো বিশ্বে বিরল।
সম্পাদক ন্যান্সি গিবস আরও লিখেছেন, ঋণখেলাপি হয়ে ইউরোজোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়া ঠেকিয়েছেন মেরকেল। সীমান্ত উন্মুক্ত করে অভিবাসী সংকট মোকাবিলায় সাহস দেখিয়েছেন তিনি। প্যারিস হামলার পর ফ্রান্সের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।
টাইম ম্যাগাজিনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় মেরকেলের পাশাপাশি আরও ছিলেন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, আফ্রিকান-আমেরিকানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধে সচেতনতামূলক কর্মসূচি ব্ল্যাক লাইভস ম্যাটার-এর কর্মীরা ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, বাগদাদি রানারআপ ও ডোনাল্ড ট্রাম্প তৃতীয় হয়েছেন।