ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে উঠে এল দেশটির আলোচিত ‘বুরকিনি’ ইস্যু। নির্বাচনের মূল প্রার্থীরা গত সোমবার টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন। বুরকিনি নামে পরিচিতি পাওয়া মূলত মুসলিম নারীদের ব্যবহৃত ওই সাঁতারের পোশাক নিয়ে কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লো পেন এবং মধ্যপন্থী এমানুয়েল মাক্রঁ আলোচনা করেন। পুরো শরীর আবৃত রাখা সাঁতারের পোশাকটি ফ্রান্সসহ ইউরোপের মুসলিমদের অনেকের কাছে জনপ্রিয়তা পেলেও ফ্রান্সে এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
অভিবাসন ও মুসলিমবিরোধী ন্যাশনাল ফ্রন্ট দলের নেতা মারিন লো পেন বিতর্কে ফ্রান্সের সাংস্কৃতিক-জাতিগত বৈচিত্র্যের নীতির অবসান চান। আর মধ্যপন্থী এমানুয়েল মাক্রঁ অভিযোগ করেন, লো পেন ফ্রান্সে মুসলিমবিরোধিতায় উসকানি দিচ্ছেন।
জনমত জরিপ বলছে, লো পেন নির্বাচনের প্রথম ধাপে সবচেয়ে বেশি ভোট পাবেন। তবে দ্বিতীয় দফা ভোটে জয়ী হবেন মাক্রঁ।
সোমবারের টিভি বিতর্কে আরও তিন প্রেসিডেন্ট পদপ্রার্থী অংশ নিয়েছেন। তাঁরা হলেন মধ্য-ডানপন্থী ফ্রাঁসোয়া ফিয়ঁ, বামপন্থী বেনোয়া আমোঁ ও জ্যঁ-লুক মেলোঁশঁ। পাঁচজনই দেশের জন্য গুরুত্বপূর্ণ বড় বড় বিষয়ের ওপর কথা বলেন। এসবের মধ্যে কর্মসংস্থান, সন্ত্রাসবাদ এবং ইউরোপে দেশটির অবস্থান ইত্যাদি বিষয় ছিল। মাক্রঁ বলেছেন, তিনি দেশের প্রচলিত ‘রাজনৈতিক বিভক্তির ধারা’ পাল্টে দেবেন।
লো পেন বলেছেন, তিনি ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে দিতে চান, যেখানে জার্মানির চ্যান্সেলর ‘আঙ্গেলা ম্যার্কেলের অধীন’ হয়ে থাকতে হবে না। আর ফ্রান্সে সব ধরনের অভিবাসন বন্ধ করা হবে।
ফিয়ঁ বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘জাতীয় পুনরুদ্ধার’ সম্পন্ন করবেন।
পর্যবেক্ষকেরা মনে করেন, সব মিলিয়ে সোমবারের বিতর্কে মাক্রঁ এগিয়ে ছিলেন। তিনি বুরকিনি পোশাকটিকে ‘জনশৃঙ্খলার ব্যাপার’ হিসেবে চিহ্নিত করেছেন।
ফ্রান্সের দক্ষিণ উপকূলের বেশ কয়েকটি অবকাশকেন্দ্রে গত গ্রীষ্মে বুরকিনি নিষিদ্ধ করা হয়। স্থানীয় প্রশাসনগুলো একে ফরাসি সংস্কৃতির পরিপন্থী বলে আখ্যা দিয়েছিল। তবে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত পরে এক রায়ে বলেন, বুরকিনির ওপর নিষেধাজ্ঞায় মৌলিক স্বাধীনতার লঙ্ঘন হয়েছে।
বেকারত্ব সমস্যা কীভাবে মোকাবিলা করতে হবে, তা নিয়েও প্রেসিডেন্ট পদপ্রার্থীরা বিতর্ক করেন। ফ্রান্সে দীর্ঘদিন ধরে বেকারত্ব ১০ শতাংশে অপরিবর্তিত আছে। লো পেন একটি ‘দেশপ্রেমিক অর্থনীতির’ আহ্বান জানিয়েছেন। আর ফরাসি প্রতিষ্ঠানগুলোর অনুকূলে তিনি সংরক্ষণবাদী উদ্যোগ চেয়েছেন। তবে ফিয়ঁ বলেন, এ রকম পরিকল্পনা দেশে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা’ তৈরি করতে পারে।