ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে ইদানীং নাটকীয় পরিবর্তন ঘটেছে। কিন্তু অতীতে বিভিন্ন ঘটনায় যুক্তরাজ্যের মন্ত্রীরা তাঁদের ইইউ সহকর্মীদের ব্যাপারে ছিলেন শান্ত, নিরুত্তেজ। গ্রিসের নাটকীয় ইউরো-সংকট বা ইউরোপের অভিবাসী-সংকট তুঙ্গে ওঠার সময় কিংবা ইইউর কোনো উত্তেজনাপূর্ণ সময় যুক্তরাজ্যের মন্ত্রীদের ভ্রুকুঞ্চিত দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া আর তেমন কিছু করতে দেখা যায়নি।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে ব্রিটিশদের ভোট দেওয়ার পর সাম্প্রতিক দিন ও সপ্তাহগুলোতে পরিস্থিতি এখন পুরোটাই উল্টো। ব্রেক্সিট নিয়ে গণভোটের পর যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হওয়া অস্থিরতায় ইইউ জোটের বাকি সবাই মুখ খুলেছে। ইতিমধ্যে দেশটির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে টেরেসা মের মনোনয়নও নিশ্চিত হয়ে গেছে। তাই তাঁকে নিয়ে ইইউর প্রতিক্রিয়া জানতে চাইলে, তা দেখাতে এখনই রাজি নয় এ জোট।
এটা বলা যায়, ইইউ নেতারা থেরেসার কাজকর্ম দেখার, আরও অপেক্ষা করার এবং এরপর প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে গত সোমবার সকালে ইইউর শীর্ষ পর্যায়ের এক সূত্র বিবিসিকে বলে, ‘থেরেসা মে যখন প্রকৃতই কিছু করবেন, তখন তাঁকে নিয়ে মন্তব্য করা হবে।’
থেরেসা মে ইইউতে যুক্তরাজ্যের থেকে যাওয়ার পক্ষের একজন সমর্থক। অবশ্য টেরেসা জোর দিয়ে বলেছেন, তিনি গণভোটে যুক্তরাজ্যবাসীর রায়কে সম্মান দেখাবেন। এরই মধ্যে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, সে বিষয়ে দেশটির কাছে দ্রুত ব্যাখ্যা চেয়েছেন। উদাহরণ হিসেবে ম্যার্কেল ও অন্য ইইউ নেতারা জানতে চান, থেরেসা ইউরোপের অভিন্ন বাজারে দেশটির পূর্ণ বা ঘনিষ্ঠ প্রবেশাধিকার চান কি না?
যদি এটা সত্য হয়, তবে এর অর্থ হবে যুক্তরাজ্যের শ্রমবাজারে ইইউর সব নাগরিকের অবাধ চলাচল মেনে নেওয়া, যা নিশ্চিতভাবে বিরাট সংখ্যক ব্রেক্সিটপন্থীর ইচ্ছার বিপরীতে যাবে। যদিও ব্রাসেলসে থেরেসাকে অভিবাসীদের ব্যাপারে কঠোর বলে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিভিন্ন বৈঠকে তিনি তা পরিষ্কারও করে দিয়েছেন।
অবশ্য, অনানুষ্ঠানিকভাবে কিছু ইইউ সূত্র বলেছে, থেরেসা একজন বাস্তববাদী ও শক্ত মধ্যস্থতাকারী। ইতালীয় সংবাদপত্র আইওয়ান সোল ২৪ অঁরে টেরেসা মেকে আঙ্গেলা ম্যার্কেলের প্রতি যুক্তরাজ্যের জবাব ‘ঠান্ডা, যোগ্য ও দৃঢ়প্রতিজ্ঞ’ বলে আখ্যায়িত করেছে।