ট্রাম্প আমার মতোই: বেরলুসকোনি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মিল রয়েছে বলে জানিয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। গতকাল শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রিপাবলিকান দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট সম্পর্কে ইতালির আলোচিত-সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে ট্রাম্পের তুলনার বিষয়টি ঠিকই আছে।
বেরলুসকোনির কাছে ইতালির একটি দৈনিক জানতে চেয়েছিল, দুজনের মতো কী কী মিল আছে। এই প্রশ্নে তিনি বলেন, অবশ্যই কিছু মিল আছে।
তবে মিলগুলো কী কী, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি বেরলুসকোনি।
বেরলুসকোনি বলেন, আমেরিকার জনগণ ট্রাম্পকে তাঁদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছেন। এখন তাঁকে কাজ করতে দেওয়া উচিত।
ট্রাম্পের সঙ্গে বেরলুসকোনির বয়সের ব্যবধান ১০ বছর। দুজনই বেশ আলোচিত-সমালোচিত।
বেরলুসকোনির মতো ট্রাম্পও ব্যবসা থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন। বেরলুসকোনি মিডিয়া মোঘল। আর ট্রাম্প বিত্তবান ব্যবসায়ী।
ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, ট্রাম্পের মোট সম্পদের মূল্য ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, বেরলুসকোনি ও তাঁর পরিবারের সম্পদের মূল্য ৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।
যৌন কেলেঙ্কারিসহ নানা কারণে ৮০ বছর বয়সী বেরলুসকোনি ব্যাপক দুর্নাম কুড়িয়েছেন। আর ৭০ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধেও নারী নিপীড়নের অভিযোগ রয়েছে।
কথাবার্তায় বেরলুসকোনি-ট্রাম্প দুজনই লাগামছাড়া। তাঁদের কর্মকাণ্ডও খাপছাড়া।
বেরলুসকোনি চারবার ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফৌজদারি অপরাধে দণ্ড পান তিনি। তবে ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত ফৌজদারি অপরাধের রেকর্ড নেই।
তবে বেরলুসকোনি জানিয়েছেন, এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে কোনো দিন তাঁর দেখা হয়নি।
সবাইকে চমকে দিয়ে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। তাঁর ব্যাপারে দেশে-বিদেশে ভীতিকর মনোভাব রয়েছে।