ট্রাম্প-জামাতার প্রস্তাব সম্পর্কে কিচ্ছু জানি না: পুতিন

ডোনাল্ড ট্রাম্পের শপথের আগে তাঁর জামাতা জ্যারেড কুশনারের মস্কোর সঙ্গে কথিত গোপন যোগাযোগ-চেষ্টার প্রস্তাবের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল রোববার এনবিসিতে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন এই দাবি করেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করছেন কুশনার। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের আগে কুশনার মস্কোর সঙ্গে যোগাযোগে গোপন মাধ্যম প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আছে।
ট্রাম্পকে জয়ী করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন আবার নাকচ করেছেন পুতিন।
হ্যাকিং ও অন্যান্য উপায়ে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন গোয়েন্দাদের ভাষ্য।
পুতিন বলেন, নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের কোনো যোগাযোগ হয়েছিল কি না, সে সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।
পুতিন বলেন, ‘আমি সততার সঙ্গে বলছি, আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে থাকা রুশ রাষ্ট্রদূতেরা কার সঙ্গে খেয়েছেন, কার সঙ্গে দেখা করেছেন—এসব বিষয়ে প্রতিদিন আমাকে প্রতিবেদন পাঠায়?’
ট্রাম্পকে প্রভাবিত করার মতো কোনো তথ্য রাশিয়ার কাছে নেই বলেও দাবি করেন পুতিন। তিনি বলেন, ‘এগুলো বাজে কথা। আমরা এ ধরনের তথ্য কোথা থেকে পাব? তাঁর (ট্রাম্প) সঙ্গে আমাদের কি বিশেষ কোনো সম্পর্ক ছিল? আমাদের কোনো সম্পর্ক ছিল না। আপনাদের জ্ঞানবুদ্ধি লোপ পেল নাকি?’
ওয়াশিংটন পোস্ট বলছে, গত বছরের ডিসেম্বরে রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে নিউইয়র্কে বৈঠক করেন ট্রাম্পের জামাতা কুশনার। তিনি কিসলিয়াকের মাধ্যমে মস্কোর সঙ্গে গোপন যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। মস্কোর সঙ্গে যোগাযোগের সময় যেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এড়ানো যায়, কুশনার সেটাই চেয়েছিলেন।