ট্রাম্প-পুতিন বৈঠকে হ্যাকিং প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের প্রথম দিনে বহুল প্রত্যাশিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকেই উঠে এসেছে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ প্রসঙ্গ।

জার্মানির হামবুর্গে গতকাল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ক্রেমলিনের সৌজন্যে
জার্মানির হামবুর্গে গতকাল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ক্রেমলিনের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। আর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়া দায়ী নয়। বিষয়টি প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ট্রাম্প বিষয়টি মেনে নিয়েছেন। তবে টিলারসন বলেন, এটা এখনো ঠিক স্পষ্ট নয়। এ বিষয়ে উভয় দেশেরই একটি সমঝোতায় আসতে হবে। তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে, তা দূর করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

এ দুই নেতার বৈঠকে সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে পুতিন-ট্রাম্পের ওই বৈঠক নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

গতকাল দিনের দ্বিতীয় ভাগে জি-২০ সম্মেলনের নির্ধারিত আলোচনার বাইরে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট। প্রোটোকল অনুযায়ী ফটোসাংবাদিকদের ছবি তোলা শেষে মূল বৈঠক শুরু হয়। এ সময় দুই প্রেসিডেন্ট ছাড়া আরও উপস্থিত ছিলেন সের্গেই লাভরভ, রেক্স টিলারসন ও তাঁদের সঙ্গে থাকা দোভাষীরা।

এর আগে গতকাল সকালেই প্রথমবার মুখোমুখি সাক্ষাতে ট্রাম্প ও পুতিনকে হাসিমুখে কুশলবিনিময় করতে দেখা যায়। এ সময় ট্রাম্পকে কয়েকবার পুতিনের পিঠ চাপড়ে দিতে দেখা গেছে।

আরও  পড়ুন...