যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে গোপন তথ্য-উপাত্ত রাশিয়ার কাছে আছে বলে যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের ‘পুরোপুরি নির্বোধ’ হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোতে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে পুতিন বলেন, ট্রাম্প বিজয়ী হওয়ার আগেই তাঁর ওপর নজরদারি করার জন্য গোয়েন্দাদের কী এমন কারণ থাকতে পারে। কাজেই এ অভিযোগ এবং এ ধরনের খবর একেবারে মিথ্যা।
পুতিনের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট গোপন তথ্য রাশিয়ার কাছে আছে এবং মস্কো তা নষ্ট করে ফেলছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ২০১৩ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার সময় মস্কোর একটি হোটেলে ট্রাম্প যৌনকর্মীদের সঙ্গে ছিলেন এবং সেই দৃশ্যের ভিডিও আছে বলেও অভিযোগ উঠেছে।
এসব বিষয়ে পুতিন বলেন, ‘ট্রাম্প যখন মস্কোতে আসেন, তখন তো তিনি রাজনীতিবিদ নন। তিনি যে রাজনীতিতে আগ্রহী, সেটাও আমরা জানতাম না। কেউ কি এটা বিশ্বাস করবে যে আমেরিকার প্রত্যেক শতকোটিপতির ওপর আমাদের গোয়েন্দারা নজরদারি করে? এমনটা কেউ মনে করলে তিনি পুরোপুরি নির্বোধ।’
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বলেছেন, পরমাণু অস্ত্র ও সিরিয়া সংঘাতসহ কৌশলগত বিভিন্ন বিষয়ে হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়া। মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়া সম্পৃক্ত ছিল না বলেও ফের দাবি করেছেন তিনি।
গতকাল মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার হ্যাকিং সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থার যে সব কর্মকর্তা ‘ভুল তথ্য’ দিয়েছেন তাদের বরখাস্ত করা উচিত। লাভরভ দাবি করেন, তারা নিজেরা তদন্ত করে কিছুই পাননি। পরে যুক্তরাজ্যের সাবেক এক গোয়েন্দার দ্বারস্থ হয়েছেন। রুশ মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের যে সাবেক গোয়েন্দা ট্রাম্পের গোপন বিষয় রাশিয়ার কাছে আছে বলে তথ্য ছড়াচ্ছেন তিনি আসলে ‘হাতুড়ে গোয়েন্দা’।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে লাভরভ বলেন, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর তাঁর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে আগ্রহী তিনি। তাঁদের বৈঠকে পরমাণুসহ অন্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে।
সংবাদ সম্মেলনে মার্কিন-রুশ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন লাভরভ। সিরিয়া ইস্যুতে এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরীয় সংঘাত নিরসনে কাজাখস্তানে অনুষ্ঠেয় সম্মেলনে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। আশা করছেন, সেখানে রুশ-মার্কিন কর্মকর্তারা সিরিয়া নিয়ে সহযোগিতামূলক অবস্থানে পৌঁছাবেন।