
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্র-ইইউর সম্পর্ককে ‘মৌলিক ও কাঠামোগতভাবে’ নড়বড়ে করার ঝুঁকিতে ফেলেছে। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ইউরোপের ভৌগোলিক ও রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে ট্রাম্পের জ্ঞান খুবই সীমিত। তাঁকে এ বিষয়ে ‘জ্ঞান দেওয়া’ দরকার।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী বিভাগ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট গত শুক্রবার লুক্সেমবার্গে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ওই সতর্কতা উচ্চারণ করেন।
জ্যঁ ক্লদ জাঙ্কার বলেন, ‘ইউরোপ কী এবং কীভাবে এটি চলে, সে বিষয়ে সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্টকে আমাদের শিক্ষা দেওয়া দরকার।’ তিনি ভবিষ্যদ্বাণী দেন, ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্বকালের প্রথম দুই বছর ‘নষ্ট’ করবেন এমন এক দুনিয়া সফর করে, যা সম্পর্কে তাঁর ধারণা নেই।
নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত জয়ের পর ইইউর অন্য নেতারা যে তুলনামূলক নরম ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, জাঙ্কারের এই বক্তব্য ঠিক তার উল্টো। রিপাবলিকান প্রার্থীর জয়ের ঘোষণা আসার পর বুধবার জাঙ্কার এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বাগত জানান।
ট্রাম্পের জয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। মূলত তরুণেরা এ বিক্ষোভ করছে। কোথাও কোথাও তা সহিংস রূপও নিয়েছে।
শুক্রবার লুক্সেমবার্গে শিক্ষার্থীদের উদ্দেশে জাঙ্কার বলেন, ‘সাধারণ মার্কিনদের ইউরোপ সম্পর্কে তেমন কোনো আগ্রহ নেই...নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, বেলজিয়াম নাকি আমাদের এই মহাদেশের কোনো একটি গ্রাম।’
জাঙ্কার আরও বলেন, ট্রাম্প এমন কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন, যার অনেক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। বিশেষ করে, তিনি ট্রান্স-আটলান্টিক জোট ন্যাটো এবং এ ধরনের কিছু সংস্থা বা সংগঠন যার ওপর ইউরোপের প্রতিরক্ষা নির্ভর করে, সেগুলো সম্পর্কে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প শরণার্থী ও অশ্বেতাঙ্গ মার্কিনদের বিষয়ে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তা ইউরোপীয় মূল্যবোধের প্রতিফলন নয়।
নির্বাচনী প্রচার চালানোর সময় ট্রাম্প ন্যাটো জোটের কড়া সমালোচনা করেছিলেন এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো করার আহ্বান জানিয়েছিলেন। এর জের ধরে ইউরোপের নেতাদের মধ্যে উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে ক্ষমতা গ্রহণের এক শ দিনের মধ্যেই প্যারিস জলবায়ু চুক্তি বাতিল করবেন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রক্ষণশীল অবস্থানে যাবেন। বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের বিষয়েও তিনি একের পর এক বিরূপ মন্তব্য করেন। এসব বক্তব্যের কারণে ইইউর নেতারা ট্রাম্পের ব্যাপারে সতর্ক হন।