ট্রেন নিয়ে কসোভো ও সার্বিয়ার মধ্যে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিয়ার একটি ট্রেন সীমান্ত পেরিয়ে কসোভোয় যেতে চেয়েছিল। কিন্তু কসোভো তাতে বাধা দেওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কসোভোর কর্তৃপক্ষ রেলপথ উড়িয়ে দিতে চেয়েছিল বলে সার্বিয়া অভিযোগ করেছে। তবে কসোভো তা প্রত্যাখ্যান করেছে।

সার্বিয়ার বেলগ্রেড থেকে কসোভোর মিত্রোভিকার উদ্দেশে ট্রেনটি গত শনিবার প্রথমবার রওনা হয়েছিল। দুই দেশের মধ্যে যোগাযোগে এটি এক সম্ভাব্য গুরুত্বপূর্ণ পথ। কসোভোয় এখনো রয়ে যাওয়া সার্ব জনগোষ্ঠীর বেশির ভাগ থাকে মিত্রোভিকায়।

সার্বিয়ার ট্রেনটির কর্মীদের পরনে ছিল দেশটির জাতীয় রঙের পোশাক। তা ছাড়া এর গায়ে লেখা ছিল ‘কসোভো আসলে সার্বীয়’। এসব নিয়েই বিতর্ক শুরু হয়। এ বিষয়ে সার্বিয়ার যুক্তি, দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উদ্‌যাপনের অংশ হিসেবেই তারা এমন কথা লিখেছে। কিন্তু কসোভো এই ট্রেন চালুর বিষয়টিকে একধরনের উসকানি হিসেবে দেখছে। তারা ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে। সার্বিয়া বা তাদের মিত্র রাশিয়া—কেউই কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দেয়নি।