ট্রেনে তিন প্রধানমন্ত্রীর বিপজ্জনক কিয়েভযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিন দেশের প্রধানমন্ত্রী।
ছবি: রয়টার্স

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদস্যদেশের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার বৈঠক করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা ট্রেনে করে কিয়েভে পৌঁছান। তাঁদের আশঙ্কা ছিল পোলিশ সামরিক বিমানে করে ইউক্রেনে গেলে তা রাশিয়া ভালোভাবে নেবে না। একে ভয়াবহ উসকানিমূলক আচরণ বলে আখ্যা দিতে পারে মস্কো।

যুদ্ধের মধ্যে ট্রেনে করে তিন প্রধানমন্ত্রীর ঝুঁকিপূর্ণ কিয়েভ সফরের বিবরণ তুলে ধরেছেন ইউক্রেন রেলওয়ের চেয়ারম্যান আলেকজান্দার কামিশিন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কামিশিন বলেন, ‘এই যুদ্ধের মধ্যে তিন প্রধানমন্ত্রীর কিয়েভ আসা বোকামি হলেও বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

কামিশিন আরও বলেন, প্রধানমন্ত্রীরা তাঁদের কিয়েভ সফরের পুরো পরিকল্পনা আগেই ঘোষণা করেছিলেন। এ কারণে ঝুঁকির আশঙ্কা বেড়েছে, যা একদম বোকামি হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির সঙ্গে তিন দেশের প্রধানমন্ত্রীদের বৈঠক যখন চলছিল, তখন কিয়েভে কারফিউ শুরু হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো মঙ্গলবার রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ ঘোষণা করেন। তখনো কিয়েভের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় লড়াই চলছে। শহরজুড়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কিয়েভে রুশ বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

ইউক্রেন রেলওয়ের চেয়ারম্যান আলেকজান্দার কামিশিন।
ছবি: বিবিসি

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের বেসামরিক স্থাপনার মতো রেলব্যবস্থাও রক্ষা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি ঘোষণা দেন, তিনি চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসাকে নিয়ে কিয়েভের দিকে রওনা হয়েছেন।

আলেকজান্দার কামিশিন বলেন, ‘বিষয়টি আমি গোপন রেখেছিলাম। কিন্তু যখন দেখলাম অনলাইনে এই খবর প্রকাশিত হচ্ছে, তখন অনেক বিস্মিত হয়েছি। বিষয়টি আমি বুঝতে পারিনি।’

কিয়েভ আসার পথেই পোল্যান্ডের প্রধানমন্ত্রী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যেখানে ইতিহাস রচিত হচ্ছে, সেখানে যাওয়া আমাদের দায়িত্ব। এটি শুধু আমাদের সুরক্ষার বিষয় নয়, আমাদের সন্তানদেরও সুরক্ষার বিষয়।’

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এক টুইটবার্তায় বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ইইউর সমর্থন দ্ব্যর্থহীনভাবে জানানোর জন্যই আমাদের এই সফর।’

বেসামরিক লোকজনকে নিশানা করে রাশিয়া হামলা জোরদার করেছে বলে অভিযোগ ইউক্রেনের
ছবি: রয়টার্স

কিয়েভ সফর নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর এ ঘোষণায় নিরাপত্তার কারণে চাপে পড়ে যান আলেকজান্দার কামিশিন। তিনি বলেন, ‘তিন প্রধানমন্ত্রী আসার বিষয়টি আমি আমার সন্তানদেরও বলিনি। তাঁদের অবস্থান প্রকাশ করা ঠিক হবে না। কারণ, চলমান যুদ্ধের বিষয়টি সবার বোঝা উচিত। রওনা হওয়া ওই তিন প্রধানমন্ত্রীকে তো আমি কোনো নির্দেশনাও দিতে পারি না।’

কামিশিন আরও বলেন, ট্রেনে কিয়েভ আসার সিদ্ধান্ত সফররত প্রধানমন্ত্রীরাই নিয়েছিলেন। ট্রেনভ্রমণই তাঁরা নিরাপদ মনে করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীদের কিয়েভ ছাড়ার কিছুক্ষণ পরই গতকাল বুধবার সকালে জাপোরঝিঝিয়া রেলস্টেশনে রাশিয়া বোমা হামালা চালায়। এতে রেললাইনে গর্তের সৃষ্টি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় স্টেশন।

কামিশিন বলেন, ‘যেকোনো সচেতন ব্যক্তিই এই পরিস্থিতিতে গাড়িতে আসার চেয়ে ট্রেনে আসার সিদ্ধান্তই নেবেন। যদিও সব জায়গায় বোমা পড়ছে, তবু তুলনামূলকভাবে এই সময় ট্রেনভ্রমণ নিরাপদ।’ তিনি আরও বলেন, তিন প্রধানমন্ত্রী বিশেষ ট্রেনে করে এসেছিলেন। তাঁরা রেলওয়ের নতুন স্লিপার কোচে ছিলেন। বিশেষ ট্রেন হলেও এটি নিয়মিত ও সাধারণ লাইনেই চলাচল করে। ট্রেনে তাঁদের কিয়েভ আসতে আট থেকে নয় ঘণ্টা সময় লেগেছিল। তাঁরা প্রেসিডেন্ট জেলেস্কির সঙ্গে বৈঠকসহ কয়েক ঘণ্টা কাটান। এরপর রাতের ট্রেনেই তাঁরা একই পথে পোল্যান্ড ফিরে যান।