ডেলটা ভেরিয়েন্টের প্রভাবে যুক্তরাজ্যে রেকর্ড সংক্রমণ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। তাই ফাঁকা সড়ক। ব্ল্যাকবার্ন, ইংল্যান্ড, ১৬ জুন।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের প্রকোপ বাড়ছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে ১১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ফেব্রুয়ারির পরে এই প্রথম দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়াল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সংক্রমণ বাড়লেও দেশটিতে মৃত্যুর হার তুলনামূলক কম। বৃহস্পতিবার মারা গেছেন ১৯ জন। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, গত ৩০ মে যুক্তরাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ হাজার ২৪০ জনের। ১৮ দিনের ব্যবধানে এই দৈনিক সংক্রমণ তিন গুণের বেশি বেড়েছে। এ ছাড়া দেশটিতে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি।

বর্তমানে ব্রিটিশ সরকারের আশঙ্কা, করোনার সংক্রমণ বৃদ্ধির পর মৃত্যুর হার আবারও বাড়তে পারে। এ ছাড়া দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে, ইংল্যান্ডে অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ বাড়ছে। যাঁরা টিকা নেননি তাঁদের মধ্যে সংক্রমণ বেশি ছড়াচ্ছে। ব্রিটিশ সরকারের এই নথি থেকে জানা গেছে, প্রতি ১১ দিনে করোনাভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হচ্ছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। এখন থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। আজ শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ হলো, আগামী মাসের মধ্যে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক বাসিন্দাকে কমপক্ষে এক ডোজ টিকা দিতে চায় সরকার।

এই লক্ষ্য অর্জনে বেশ খানিকটা এগিয়ে গেছে ব্রিটিশ সরকার। ইতিমধ্যে ৪ কোটি ২০ লাখ বাসিন্দাকে কমপক্ষে এক ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে, যা দেশটির মোট প্রাপ্তবয়স্ক বাসিন্দার ৮০ শতাংশ।

করোনারভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে আরেকটি পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। ইংল্যান্ডের লকডাউনের শেষ ধাপের বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল ২১ জুন। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় এই বিধিনিষেধের মেয়াদ আগামী ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।