ড্রেসডেনে জার্মান একত্রীকরণ অনুষ্ঠানে গোলযোগ

জার্মানির পূর্বাঞ্চলের শহর ড্রেসডেনে একীভূত জার্মানের ২৬তম পূর্তি উৎসবের প্রধান অনুষ্ঠানে গোলযোগ হয়েছে। গতকাল সোমবার ‘পাশ্চাত্যে ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমী ইউরোপীয়রা’ বা পেগিডা আন্দোলনের কয়েক শ সমর্থক জার্মান রাষ্ট্রপতি, চ্যান্সেলর ও রাজনীতিকদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
ঐতিহ্য অনুযায়ী, প্রতিবছরই ৩ অক্টোবর জার্মান একত্রীকরণ অনুষ্ঠান পর্যায়ক্রমে জার্মানির বিভিন্ন বড় বড় শহরে অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর এই অনুষ্ঠানের স্থান নির্ধারিত ছিল জার্মানিতে বর্ণবাদী পেগিডা আন্দোলনের উৎসস্থল ড্রেসডেন শহরে।
পুনঃ একত্রীকরণ অনুষ্ঠানে গোলযোগ হওয়ার আশঙ্কায় ২ হাজার ৬০০ পুলিশ অনুষ্ঠানস্থলে মোতায়েন করা হয়। কড়া এই পাহারার মধ্যেই কয়েক শ পেগিডা সমর্থক মূল অনুষ্ঠান স্থলের কাছে জমায়েত হয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও জার্মান রাষ্ট্রপতি ইয়াখিম গাউককে উদ্দেশ করে ‘দেশদ্রোহী’, ‘তোমাদের দিন শেষ হয়ে এসেছে’ বা ‘তোমরা ফিরে যাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
তবে শহরের মূল অনুষ্ঠানস্থলে প্রায় সাড়ে চার লাখ মানুষ যোগ দেয়। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল একত্রীকরণ অনুষ্ঠানে বলেন, আজ জার্মান জাতির জন্য আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। তবে নতুন কোনো সমস্যা এলে তা পারস্পরিক সম্মানবোধ এবং আলোচনার মাধ্যমে তার সমাধান হতে পারে।
জার্মান পার্লামেন্টের স্পিকার নর্বাট লেমার্ট বিক্ষোভকারীদের উদ্দেশ করে বলেন, এসব বিক্ষোভকারী জার্মানের জন্য নেতিবাচক প্রভাব তৈরিতে সহযোগিতা করছে। তারা তাদের নিকট ইতিহাস ভুলে গেছে।
পেগিডা বিক্ষোভকারীদের মধ্যে এই আন্দোলনের সভাপতি লুটৎস বাখম্যানসহ অনেক নব্য নাৎসিও উপস্থিত ছিলেন।