ড্রোনে গেল গর্ভপাতের বড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চালকবিহীন বিমানে (ড্রোন) করে জার্মানি থেকে পোল্যান্ডে গর্ভপাতের বড়ি পাঠিয়েছেন নেদারল্যান্ডসের মানবাধিকারকর্মীরা। পোল্যান্ডের গর্ভপাতবিরোধী কঠোর আইনের প্রতিবাদে গত শনিবার এই অভিনব উদ্যোগ নেন তাঁরা। খবর বিবিসির।
পোল্যান্ডে সমাজতান্ত্রিক শাসনামলে গর্ভপাত বৈধ ছিল। কিন্তু ১৯৯৩ সালে বেশির ভাগ ক্ষেত্রেই গর্ভপাত নিষিদ্ধ করা হয়। ধর্ষণ ও নিকটাত্মীয়ের মধ্যে যৌন সংসর্গের মতো ঘটনাগুলোর ক্ষেত্রে অথবা মায়ের জীবন সংকটাপন্ন হলেই কেবল পোলিশ আইনে গর্ভপাতের অনুমোদন রয়েছে।
নেদারল্যান্ডসের উইমেন অন ওয়েভস নামের একটি নারীবাদী সংগঠনের কর্মীরা শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ওই কর্মসূচি পালন করেন। সেখান থেকে তাঁদের ওড়ানো ড্রোনগুলোতে ছিল গর্ভধারণের প্রথম পর্যায়ে গর্ভপাত ঘটাতে ব্যবহৃত অনেকগুলো বড়ি। ড্রোনগুলো ওই এলাকায় অবস্থিত রিভার ওডার নদী হয়ে জার্মান সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডের স্লুবিস এলাকায় অবতরণ করে। সেখানে ড্রোনগুলোর অপেক্ষায় ছিলেন দুই পোলিশ নারী, যাঁরা বড়িগুলো গ্রহণ করেন।
উইমেন অন ওয়েভস এক অনলাইন বিবৃতিতে বলেছে, ড্রোনগুলো ওড়ানোর পরপরই জার্মানির পুলিশ তাতে হস্তক্ষেপ করার চেষ্টা করে। তবে নিয়ন্ত্রণকক্ষ থেকে পাইলটরা সেগুলোকে পোলিশ ভূখণ্ডে নিরাপদভাবে অবতরণ করাতে সক্ষম হন। জার্মান পুলিশ ড্রোনগুলোর নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ও কয়েকটি ব্যক্তিগত আইপ্যাড জব্দ করেছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
উইমেন ওয়েভস এর আগেও এমন উদ্যোগ নিয়েছে। অতীতে তারা গর্ভপাতের ওপর কড়াকড়ি থাকা দেশগুলোতে নৌকায় করে গর্ভপাতের সামগ্রী পাঠিয়েছে। নারীবাদী গ্রুপটির এসব কর্মসূচির প্রতিবাদে গর্ভপাতবিরোধী গ্রুপগুলো বিক্ষোভও করেছে।