তদন্তের খাড়ায় আরও দুই গাড়ি নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোক্সভাগেনের পর এবার দূষণের মাত্রা নিয়ে প্রশ্নের মুখে বিশ্বের আরও দুই শীর্ষ গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের নির্মাতা ডেইমলার নিজেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। আর ফরাসি প্রতিষ্ঠান পিজো সিত্রোর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দুর্নীতিবিরোধী তদন্তকারীরা।
এক বিবৃতিতে ডেইমলার জানিয়েছে, মার্কিন বিচার বিভাগের অনুরোধে তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। এ খবরেই প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ৫ শতাংশ পড়ে গেছে।
ফরাসি প্রতিষ্ঠান পিজো সিত্রো বলেছে, তাদের গাড়িগুলো দূষণসংক্রান্ত মানদণ্ড মেনেই তৈরি। তবে যুক্তরাজ্যের সরকারি এক অনুসন্ধানে দেখা গেছে, সব নির্মাতা প্রতিষ্ঠানের ডিজেলচালিত গাড়িই পরীক্ষাগারে উতরে গেলেও সড়কে তাদের দূষণের মাত্রা বেশি।
গত বছর এক তদন্তে ফোক্সভাগেন কোম্পানির গাড়িতে দূষণের মাত্রা কম দেখায় এমন বিশেষ সফটওয়্যার যুক্ত করার তথ্য বেরিয়ে আসে। এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

রয়টার্স