তহবিল গঠনের দৌড়ে গরু-ছাগল-ভেড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাস্তার এক পাশে চলছে মানবিক সহায়তায় তহবিল গঠনের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৌড়। আর এর পাশেই দৌড়াচ্ছে শয়ে শয়ে গরু-ছাগল-ভেড়া! কিন্তু একবারের জন্যও মানুষের মধ্যে ঢুকে পড়ছে না তারা। মনে হচ্ছে, তারাও দৌড়াচ্ছে তহবিল গঠনের জন্য! খবর এনডিটিভির।

জার্মানির মিউনিখে ৬ মে এই দৌড়ের আয়োজন করা হয়। আর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও চিত্র ভাইরাল হয়ে গেছে। তহবিল ঘটনের ওই দৌড়ের এক ধারাভাষ্যকার তো বলেই দিয়েছেন, শুধু মানুষের দৌড়ের চেয়ে গরু-ছাগলের দৌড়েই বেশি অর্থ জমা হতে পারে তহবিলে!
টুইটারে উইংস ফর লাইফ ওয়ার্ল্ড রান নামের একটি প্রতিষ্ঠানের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিওতে এক ধারাভাষ্যকার বলেছেন, ‘আমরা দেখেছি কিছু ভেড়া দৌড়ের পর্যবেক্ষণে থাকা গাড়ির কাছাকাছি চলে আসায় গাড়ির গতি কমে গিয়েছিল। নিয়ম অনুযায়ী, ওই গাড়ি যদি কোনো অংশগ্রহণকারীকে ধরে ফেলত, তবেই তাঁর দৌড় শেষ হয়ে যেত। এতে করে অবশ্য কিছুটা লাভই হয়েছে। যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের একটু বেশি সময় দৌড়াতে হয়েছে। যেহেতু কিলোমিটারের সংখ্যার ওপর অর্থ উঠছিল, তাই যত বেশি দৌড়ানো হয়েছে, অর্থও তত বেশি উঠেছে।’
ভিডিওতে আরেক ধারাভাষ্যকার বলেন, ‘গরু-ভেড়াগুলোর শৃঙ্খলা দেখে আমি অভিভূত হয়েছি।’
আয়োজক প্রতিষ্ঠানটি মেরুদণ্ডের ওপর গবেষণার জন্য এই দৌড়ের আয়োজন করেছিল। তবে সেই আয়োজনের মাঝখানে ঢুকে পড়া গরু-ছাগলগুলোর মালিক কে ছিলেন, তা জানা যায়নি।