তাঁর সংবাদ সম্মেলনে ১৬৪০ সাংবাদিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলনে অংশ নিতে ১ হাজার ৬৪০ জন দেশি-বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন। রুশ নেতার একক কোনো সংবাদ সম্মেলনে এই প্রথম এত বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী অংশ নিতে যাচ্ছেন। ১৪ ডিসেম্বর মস্কোয় পুতিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, ক্রেমলিনের ওয়েবসাইটে শুক্রবার নিবন্ধিত সাংবাদিকদের তালিকা প্রকাশ করা হয়। অধিকাংশ সাংবাদিকই রাশিয়ার আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধি।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে বরাবরই বিদেশি সাংবাদিকদের আগ্রহ একটু বেশি থাকে। এবারও উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি সাংবাদিক পুতিনের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স, চীন, পোল্যান্ড ও এস্তোনিয়ার গণমাধ্যমকর্মীরা সংবাদ সম্মেলনে যোগ দেবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। সব মিলিয়ে এবার নিবন্ধিত সাংবাদিক থাকছেন ১ হাজার ৬৪০ জন। এর আগে ২০১৫ সালে সর্বোচ্চ ১ হাজার ৩৯০ জন সাংবাদিক নিবন্ধনপত্র গ্রহণ করেছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০১ সাল থেকে প্রতিবছর দেশি-বিদেশি সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে আসছেন ভ্লাদিমির পুতিন। আর এ জন্য ডিসেম্বর মাসকে তিনি বেছে নেন। মূলত সারা বছরের প্রেসিডেন্টের কাজের পর্যালোচনা করতেই এমন আয়োজন করে থাকে ক্রেমলিন। আর এতে আঞ্চলিক গণমাধ্যমকর্মীদের প্রশ্ন করার সুযোগ বেশি থাকে।

শুধু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এমন ঘটা করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পুতিন দেখা করেননি। ২০১২ সালে ৬ বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর থেকে এমন সংবাদ সম্মেলন করছেন পুতিন।

পুতিনের প্রথম ৭টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ক্রেমলিনের ১৪তম ভবনে। পরে ওই ভবন বন্ধ হয়ে গেলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎ স্থান ঠিক হয় মস্কোর বিশ্ব বাণিজ্য কেন্দ্রের মিলনায়তন। এখানেই ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্থানীয় সময় বেলা তিনটায় প্রেসিডেন্ট পুতিনের বড় আকারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার বেশ কয়েকটি সরকারি টেলিভিশন ও বেতারকেন্দ্র পুতিনের সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।
আগামী বছরের মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রেসিডেন্ট হিসেবে এটিই পুতিনের বড় ধরনের সর্বশেষ সংবাদ সম্মেলন। ৬ ডিসেম্বর দেওয়া এক ঘোষণায় ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান রাশিয়ার এই নেতা। তাই ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলন থেকেই নির্বাচন নিয়ে পুতিন নিজের পরিকল্পনার কথা খোলামেলা কথা বলবেন।