তিন শতক দেখা এমা দিনে ডিম খান দুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা মোরানো ১১৭তম জন্মদিনের কেক কাটছেন। ছবি: রয়টার্স
এমা মোরানো ১১৭তম জন্মদিনের কেক কাটছেন। ছবি: রয়টার্স

ইতালির নাগরিক এমা মোরানো। মনে করা হয়, তিনিই পৃথিবীতে দীর্ঘদিন জীবিত থাকা মানুষ। আজ মঙ্গলবার ১১৭ বছরে পা দিয়েছেন।

মনে করা হয়, এমা মোরানো হলেন পৃথিবীর একমাত্র মানুষ, যিনি তিন-তিনটি শতক দেখেছেন। তাঁর দীর্ঘায়ুর পেছনের কথা বলতে গিয়ে বলেছেন, অনেক বেশি না খাওয়া, ‘কারণ আমার কোনো দাঁত নেই।’ এমার জন্ম ১৮৯৯ সালের ২৯ নভেম্বর।

এমা মোরানো বলেন, ‘আমি দিনে দুটি ডিম খাই আর তেমন কিছুই না। বিস্কুটও খাই। আমি অনেক বেশি খাই না। কারণ আমার কোনো দাঁত নেই।’
প্রাচীনতম জীবিত ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মোরানোকে সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেট পেয়ে তিনি বেশ গর্বিত।

মোরানো জানেন, মানুষ তার ব্যাপারে খোঁজখবর নেয় এবং আগ্রহী। তিনি বলেন, ‘মানুষ বাসায় আসে। আমি কাউকে আমন্ত্রণ জানাই না কিন্তু তাঁরা আসেন। যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, তুরিন, মিলান থেকে...তাঁরা সব জায়গা থেকে আমার সঙ্গে দেখা করতে আসেন।’

জন্মদিন উদ্‌যাপনে ঘটা করে কেক কাটা হয়। কিন্তু তিনি জন্মদিনের কেক খুব একটা খান না। আজ মঙ্গলবার তাঁর জন্মদিনের কেক কাটা হয়। এ সময় তিনি বলেন, ‘শেষ জন্মদিন পালনের সময় আমি একটু খেয়েছিলাম। খাওয়ার পর আমি ভালো বোধ করিনি।’

মোরানো মোটামুটি একাই থাকেন। ১৯৩৮ সালে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এর কিছুদিন পরই তাঁর একমাত্র পুত্র শৈশবেই মারা যায়। এরপর থেকে তিনি একাই বসবাস করতেন। পাটজাত পণ্য উৎপাদনের একটি কারখানায় তিনি কাজ করতেন। গত ২০ বছর ধরে এমা মোরানো তাঁর দুই কক্ষের ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকেন।

এমার মন বেশ সতর্ক। তবে তিনি কানে খুব কম শোনেন। অন্যর সঙ্গে কথা বলতেও বেশ অসুবিধায় পড়েন ১১৭ বছর বয়সী এই নারী। চোখেও কম দেখার কারণে ভালো করে টেলিভিশন দেখতে পারেন না। তিনি অধিকাংশ সময় ঘুমিয়েই এবং হালকা জলখাবার খেয়েই কাটান।

মঙ্গলবার এমার অ্যাপার্টমেন্টে তাঁর দুই বৃদ্ধ ভাতিজা, দীর্ঘদিনের চিকিত্সক কার্লো বাভাসহ কয়েকজন মিলে জন্মদিন পালন করেন। হুইলচেয়ারে বসে সেখানে আসেন এমা মোরানো।

জন্মদিন উপলক্ষে এমা ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার শুভেচ্ছা পেয়েছেন। প্রেসিডেন্টের শুভেচ্ছাপত্রটি তাঁকে পড়ে শোনান একজন সরকারি কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্ট তাঁর ‘মঙ্গল এবং সুস্বাস্থ্য’ কামনা করেছেন। প্রেসিডেন্টের এই শুভেচ্ছাবার্তা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সংক্ষিপ্ত এক লাইভ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। তিনি আনন্দের সঙ্গে প্রেসিডেন্টের উপহার তাঁর প্রিয় বিস্কুট এবং কিছু দুগ্ধজাত খাবার গ্রহণ করেছেন।

এবারের জন্মদিনের কেকের ওপর তাঁর বয়স ১১৭ লেখা আছে। এটা হয়তো তাঁর বয়সকে বোঝানোর জন্যই করা হয়েছে। এমা বলেন, ‘আমি আশা করেছিলাম, আমাকে আর মোমবাতিসহ কেক কাটতে হবে না। আমি ১১৭ বছরে বয়স নিয়ে খুশি।’

এলাকার মেয়রও এসেছেন তাঁকে শুভেচ্ছা জানাতে। এমা মোরানো আজ মঙ্গলবার রয়টার্স টিভিকে বলেন, তাঁর জীবন ‘এত সুন্দর ছিল না।’ তিনি বলেন, ‘আমি ৬৫ বছর বয়স পর্যন্ত একটি কারখানায় কাজ করেছি।’