তিন সপ্তাহ পর আবার খুলল গ্রিসের ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহ ধরে বন্ধ থাকার পর গতকাল সোমবার খুলেছে গ্রিসের ব্যাংকগুলো। ঋণভারে জর্জরিত গ্রিস ব্যাংকিং ব্যবস্থায় ধ্বংস রোধ করতেই ব্যাংকগুলো বন্ধ করে দিয়েছিল। খবর এএফপির।
আন্তর্জাতিক ঋণদাতাদের টাকা শোধ দেওয়ার জন্য চাপে পড়ে গত ২৯ জুন থেকে গ্রিসের ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
ব্যাংক বন্ধ থাকার সময় এটিএম বুথ থেকে জনপ্রতি এক দিনে মাত্র ৬০ ইউরো ওঠাতে পারত। তবে ১৩ জুলাই ঋণদাতাদের সঙ্গে চুক্তি করে গ্রিস। ফলে দেশটিকে আবার নতুন করে ঋণ দিতে রাজি হয় তারা। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার লক্ষ্যে গতকাল ব্যাংক খোলার ঘোষণা দেওয়া হয়।
ব্যাংক খুললেও টাকা ওঠানোর ক্ষেত্রে একটি সীমা ধার্য করা আছে। গ্রিক ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রধান লোকা ক্যাটসেলি বলেন, আগামী শুক্রবারের আগ পর্যন্ত একজন একবারে সর্বোচ্চ ৩০০ ইউরো ওঠাতে পারবেন। তবে পরের সপ্তাহ থেকে ৪২০ ইউরো করে ওঠাতে পারবেন।’