তিনি দালির মেয়ে নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালভাদর দালির মেয়ে দাবি করা মারিয়া পিলার আবেল মার্টিনেজ। ছবি: এএফপি
সালভাদর দালির মেয়ে দাবি করা মারিয়া পিলার আবেল মার্টিনেজ। ছবি: এএফপি

বিখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালির মেয়ে হিসেবে দাবি করেছিলেন মারিয়া পিলার আবেল মার্টিনেজ নামের এক নারী। দালির মেয়ে হিসেবে বিপুল সম্পত্তির অংশীদার হতে মামলাও করেছিলেন তিনি। কিন্তু ডিএনএ পরীক্ষায় তার প্রমাণ মেলেনি।

আজ বৃহস্পতিবার ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, ৬১ বছর বয়সী পিলার আবেলের জন্ম স্পেনের জিরোনাতে। তিনি একজন জ্যোতিষী। নিজেকে সালভাদর দালির মেয়ে দাবি করে ১০ বছর ধরে তিনি মামলা চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় চলতি বছরের জুন মাসে চিত্রশিল্পী দালির দেহাবশেষ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন মাদ্রিদের একটি আদালত। পরে দালির চুল, নখ ও হাড় সংগ্রহ করে পিলার আবেলের ডিএনএর সঙ্গে মেলাতে পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় দালির ডিএনএর সঙ্গে ওই নারীর ডিএনএর কোনো মিল নেই। এই প্রতিবেদন পাওয়ার পর পিলার আবেলের আবেদন খারিজ করে দেন আদালত। এখন থেকে তিনি আর দালির মেয়ে হিসেবে নিজেকে পরিচয় বা দাবি করতে পারবেন না।

নিজের চিত্রকর্ম নিয়ে সালভাদর দালি। ছবিটি ১৯৫৫ সালে তোলা। ছবি: এএফপি
নিজের চিত্রকর্ম নিয়ে সালভাদর দালি। ছবিটি ১৯৫৫ সালে তোলা। ছবি: এএফপি

পিলার আবেল মামলায় দাবি করেছিলেন, তাঁর মা ১৯৫৫ সালে সালভাদর দালির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। সে সময় দালির সঙ্গে ওই গৃহপরিচারিকার গোপন সম্পর্ক ছিল। সেই গোপন সম্পর্কের কারণেই ১৯৫৬ সালে পিলার আবেলের জন্ম হয়।

বিখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালির সব সম্পদ দেখভাল করে দ্য গালা-সালভাদর দালি ফাউন্ডেশন। সংস্থাটি দালির দেহাবশেষ কবর থেকে তোলার বিরোধিতা করেছিল। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, দালির সঙ্গে পিলার আবেলের কোনো সম্পর্ক নেই। ন্যাশনাল ইনস্টিটিউট অব টক্সিকোলজি ও ফরেনসিক সায়েন্সেসের প্রতিবেদন পাওয়ার পর আদালতে এটাই প্রমাণিত হয়েছে যে, দালি ওই নারীর বাবা নন।

সালভাদর দালি। ছবিটি ১৯৭১ সালে তোলা। ছবি: এএফপি
সালভাদর দালি। ছবিটি ১৯৭১ সালে তোলা। ছবি: এএফপি

এ প্রসঙ্গে পিলার আবেল বলেন, তিনি ও তাঁর আইনজীবী এখনো ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাননি। তিনি বলেন, ‘আমি কিছুই গোপন করিনি। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে কী এল, এতে কিছু যায় আসে না। এ ব্যাপারে আমি সংবাদ সম্মেলনে সব বলব।’

সালভাদর দালির জন্ম ১৯০৪ সালে, স্পেনে। ১৯৮৯ সালে ৮৫ বছর বয়সে স্পেনেই মারা যান। তাঁর স্ত্রীর নাম এলেনা ইভনোভনা দিয়াকোনোভা। তাঁদের কোনো সন্তান ছিল না।