
তুরস্কে হঠাৎ অভ্যুত্থানের চেষ্টার ঘটনা দেশটির অতীতের কিছু অস্থিতিশীল সময়ের কথাই মনে করিয়ে দেয়। কিন্তু আসলে হয়তো তা খুব অপ্রত্যাশিতও নয়। দেশটির ভেতরে এবং বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তিই দৃশ্যত প্রতিফলিত হয়েছে এ ব্যর্থ অভ্যুত্থানে। ক্রমে অজনপ্রিয় হয়ে ওঠা একজন শাসকের বিষয়ে মোহমুক্তি ঘটাই এ অস্বস্তির কারণ।
তুরস্কে এবারের অভ্যুত্থান ঘটনার ঠিক পেছনেই রয়েছে দেশজুড়ে সন্ত্রাসী ঘটনার ঘনঘটা। এসবের জন্য দায়ী করা হয়েছে মূলত ইসলামিক স্টেট ও কুর্দি গেরিলাদের। প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধ ষষ্ঠ বছরে পা দেওয়ায় যা বেড়ে চলেছে। সর্বশেষ বড় ঘটনায় ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী এক বোমা হামলায় ৪২ জনের প্রাণহানি ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর কট্টর ইসলামপন্থী ও ক্রমবর্ধমানরকম কর্তৃত্ববাদী মতবাদ দিয়ে অনেককে উদ্বিগ্ন করে তুলেছেন। বিশেষ করে সেনাবাহিনীকে, যারা কিনা নিজেদের আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষতার আদর্শের রক্ষক হিসেবে দেখে থাকে। প্রেসিডেন্টের বাগাড়ম্বর তুর্কি সমাজে মেরুকরণের সৃষ্টি করেছে এবং জাতি ও সম্প্রদায়গত উত্তেজনায় ইন্ধন জুগিয়েছে। তা ছাড়া এরদোয়ান সিরীয় সংকটে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁর শত্রু ইসলামি জঙ্গিদের সমর্থন দিচ্ছেন। এ অবস্থান তুরস্কের একসময়ের নীতি ‘প্রতিবেশীদের সঙ্গে সম্পূর্ণ ঝামেলাহীনতার’ আদর্শের বিপরীত। দুই বছরের যুদ্ধবিরতির পর কুর্দি গোষ্ঠী পিকেকের সঙ্গে আবার সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এ সপ্তাহের গোড়ার দিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম সিরীয় বিদ্রোহীদের চমকে দিয়ে ঘোষণা করেন, আংকারা দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেবে। এটি ছিল এত দিনের সিরিয়া নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। তবে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, এটি নীতিগতভাবে সম্পূর্ণ উল্টোদিকে ঘোরা নয়। বরং এরদোয়ানের সমর্থকদের মধ্যে ব্যবসায়ী সম্প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা মাত্র।
তুরস্কের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করা বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে বলে আসছেন, কুর্দি ইস্যু হয়তো সামরিক বাহিনীকে প্রতিক্রিয়া প্রদর্শন করতে বাধ্য করবে। তবে এই ইস্যু সেনা অভ্যুত্থান ডেকে আনবে—এমন ভবিষ্যদ্বাণী খুব কম লোকই করেছিলেন।
সামরিক বিশেষজ্ঞ গনুল তোল ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় লিখেছিলেন, ‘পিকেকে ও সরকারের সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পশ্চিমাঞ্চলে চলমান সংঘাত যদি নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলে বা বড় ধরনের অর্থনৈতিক ধস নামায় এবং সরকার যদি মাত্রাছাড়া কর্তৃত্ববাদী হয়ে ওঠে তাহলে সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।’ তিনি আরও লেখেন, ‘ওই ধরনের পরিস্থিতি তৈরি হলে সরকারবিরোধী গণ-আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। এরদোয়ান যদি কঠোরভাবে পুলিশি নির্যাতন চালিয়ে আন্দোলন দমন করতে চান এবং তাতে যদি আরও বেশি রক্তপাত ঘটে তখন সাধারণ মানুষই জেনারেলদের হস্তক্ষেপ করতে বলবে। এমনকি এমন অপ্রত্যাশিত ভয়ানক পরিস্থিতি তৈরি হলেও জেনারেলরা ওই সময়ও সরাসরি সামরিক পদক্ষেপ নিতে চাইবেন না। বরং সরকারকে পদত্যাগ করতে চাপ দেওয়ার মতো রাজনৈতিক পন্থা অবলম্বনের চেষ্টা করবেন। তুরস্ক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এত দিনে এতটাই বিবর্তিত হয়েছে যে সেখানে সামরিক জান্তার পক্ষে সরকার চালানো প্রায় অসম্ভব।’
এই অভ্যুত্থান সফল হলে তা তুরস্কের সঙ্গে বাইরের দেশগুলোর কূটনীতির ওপর প্রভাব ফেলত। তুরস্ক ন্যাটোর সদস্য এবং অস্থির একটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় মিত্র দেশ। সামরিক সরকারকে স্বীকৃতি দিলে ২০১৩ সালে বারাক ওবামাকে মিসর নিয়ে যে অবস্থার মুখে পড়তে হয়েছিল সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতো।