'তুরস্ক জানত যুদ্ধবিমানটি রাশিয়ার'

আঙ্কারার দাবি নাকচ করে মস্কো বলেছে, যুদ্ধবিমানটি যে রাশিয়ার ছিল, তুরস্ক তা জানত। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে তুর্কি সামরিক বাহিনী। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান রুশ অভিযানে অংশ নিয়েছিল ওই যুদ্ধবিমানটি।
তুরস্কের দাবি, যুদ্ধবিমানটি বারবার তাদের আকাশ সীমা লঙ্ঘন করছিল। বিমানটিকে কয়েকবার সতর্ক করা হয়। সতর্কতা না মানায় যুদ্ধবিমানটিকে ভূপাতিত করা হয়।
ওই যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে।
তুরস্কের দাবি, যুদ্ধবিমানটি যে রাশিয়ার তুর্কি সামরিক বাহিনী সেটা বুঝতে পারেনি। কিন্তু দেশটির এ দাবি নাকচ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বিমান সহজেই শনাক্তযোগ্য।
পুতিন আরও বলেন, তুরস্ক রাশিয়ার যে বিমানটিকে গুলি করছে, সেটা না চেনা তাদের জন্য অসম্ভব।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, তারা যদি জানত বিমানটি রাশিয়ার, তাহলে সম্ভবত ভিন্নভাবে সেটিকে সতর্ক করা হতো।
এদিকে যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাওয়ার বিষয়ে রাশিয়ার আহ্বান নাকচ করেছে তুরস্ক। অন্যদিকে চলমান এই উত্তেজনার মধ্যে আঙ্কারার বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তুতি নিতে শুরু করেছে মস্কো।