তুরস্ককে গণতন্ত্র শেখাতে আসবেন না: এরদোয়ান
তুরস্কে গণমাধ্যমের ওপর ধরপাকড় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমালোচনা করায় খুব চটেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বুধবার তিনি বলেছেন, আঙ্কারাকে ‘গণতন্ত্রের শিক্ষা’ দেওয়ার কোনো অধিকার ব্রাসেলসের নেই। খবর এএফপির।
এরদোয়ান তুর্কি শহর কোনিয়াতে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘তারা (ইইউ) বলছে, তুরস্ককে গণতন্ত্রের শিক্ষা দেবে। এখানে আসার ঝক্কিটা আগে নাও। তারপর তুরস্কই তোমাদের গণতন্ত্রের শিক্ষা দিতে পারবে।’ ব্রাসেলস বিশেষ করে মিসর ও সিরিয়া প্রশ্নে যে ভূমিকা রেখেছে, তার ‘আয়নায় তাকিয়ে’ শিক্ষা নেওয়ার পরামর্শ দেন এরদোয়ান।
তুর্কি সরকার গত রোববার অন্তত ২৫ জন জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশনকর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা যুক্তরাষ্ট্রভিত্তিক তুর্কি ধর্মীয় নেতা ও এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফেতুল্লা গুলেনের সমর্থক বলে ধারণা করা হয়। ওই গ্রেপ্তারের ঘটনার কড়া সমালোচনা করে ইইউ বলেছে, এ ঘটনা ‘গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে বেমানান’।
এরদোয়ান ওই সমালোচনার জন্য গত সোমবারও ইইউকে তুলাধোনা করেন। তিনি ইউরোপীয় নেতাদের ‘অন্যের বিষয়ে নাক না গলানোর’ আহ্বান জানান।
তুর্কি প্রেসিডেন্টের এই তীব্র প্রতিক্রিয়ায় ইইউতে তুরস্কের অন্তর্ভুক্তির ব্যাপারে নতুন করে সংশয় শুরু হয়েছে। এ উদ্যোগ এমনিতেই থমকে আছে। বুধবার তিনি ইইউকে আক্রমণের ভাষা আরও তীক্ষ্ণ করলেন। কাকতালীয়ভাবে দিনটি ছিল ইইউর সদস্যপদ নিয়ে তুরস্কের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর দশম বার্ষিকী।