তুরস্কের সরকার দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে কুর্দিপন্থী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে তুর্কি বাহিনীর ইরাকে প্রবেশ ও জাতীয়তাবাদী বিক্ষোভকারীদের হামলায় রাজধানী আঙ্কারায় এইচডিপির সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে এ অভিযোগ করল দলটি। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
এইচডিপির নেতা সেলাহাতিন দেমিরতাস অভিযোগ করেছেন, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মদদে এইচডিপির বিরুদ্ধে হামলা চলছে। একেপি তুরস্ককে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা এখন বিনা বিচারে মৃত্যুর মুখে পড়ার মতো অবস্থায় রয়েছি।’ এইচডিপির এই নেতার অভিযোগ, গত দুই দিনে এইচডিপির কার্যালয়, স্থাপনা ও সম্পদের ওপর অন্তত ৪০০টি হামলা হয়েছে।
পিকেকের সর্বশেষ হামলায় গত মঙ্গলবার তুর্কি পুলিশের ১৩ সদস্য নিহত হন। এর পরপরই কুর্দিবিরোধী অভিযানে ইরাকে ঢুকে পড়ে তুর্কি বাহিনী। ইরাকে কুর্দিবিরোধী অভিযানে তুরস্ক বিভিন্ন সময়ে বিমান হামলা চালালেও এ ধরনের স্থল অভিযান চালাতে সচরাচর দেখা যায় না।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া জানায়, দেড় শ তুর্কি সেনা ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করেছে। কুর্দিদের ধ্বংস করার লক্ষ্য নিয়ে ওই অভিযান শুরু করে তুর্কি বাহিনী।
ইরাকে প্রবেশের আগে ওই অঞ্চলে পিকেকের স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তুরস্কের বিমানবাহিনী। তুরস্কের সরকারি সূত্রগুলো বলছে, এটা হবে স্বল্পমেয়াদি অভিযান।
এদিকে মঙ্গলবার রাতে আঙ্কারায় এইচডিপির সদর দপ্তরে ব্যাপক হামলা চালায় জাতীয়তাবাদী বিক্ষোভকারীরা। টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, তারা এইচডিপির কার্যালয় লক্ষ্য করে পাথর ছুড়ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সদর দপ্তরের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া তুরস্কের আরও ছয়টি শহরে এইচডিপির কার্যালয়ে ভাঙচুর চালানো ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, এইচডিপি আসলে পুলিশ হত্যাকারী পিকেকের রাজনৈতিক শাখা। তবে এইচডিপি ওই অভিযোগ অস্বীকার করেছে। সার্বিক পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু।
তুরস্কে কুর্দিদের আত্মনিয়ন্ত্রণের দাবিতে প্রায় তিন দশক লড়াইয়ের পর ২০১৩ সালে তুর্কি সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় পিকেকে। এক বছরের মাথায় যুদ্ধবিরতি ভেঙে যায়। যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তুর্কি সরকার ও পিকেকের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে কুর্দিপন্থী দল এইচডিপি তুর্কি রাজনীতিতে মোটামুটি অবস্থান করে নিয়েছে। গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে দলটি ১৩ শতাংশ ভোট পেয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এইচডিপির এই ভোট ক্ষমতাসীন দল একেপির একক সংখ্যাগরিষ্ঠতা লাভে বাধা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি আসন পেলেও একেপি জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ায় আগামী ১ নভেম্বর আবারও নির্বাচন আহ্বান করা হয়েছে দেশটিতে।