তুরস্কে অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙ্কারায় অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে তুরস্কের সরকার। ভিয়েনা বিমানবন্দরে একটি ইলেকট্রনিক নিউজ টিকারে তুরস্ক বিষয়ে ‘অশোভন সংবাদ’ পরিবেশন করায় গত শনিবার রাতে তাঁকে তলব করা হয় বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, ‘নিউজ টিকারে প্রদর্শিত সংবাদ তুরস্কের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং মানুষের মধ্যে তুরস্ক সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করেছে।’ ওই সংবাদ শিরোনামে বলা হয়, ‘তুরস্কে ১৫ বছরের কম বয়সী শিশুদের সঙ্গেও যৌনতা অনুমোদিত।’
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পর ওই সংবাদ শিরোনামটি সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় এক আদালতের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মাসে তুরস্কের সাংবিধানিক আদালত পেনাল কোডের যে অংশে ১৫ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে যৌনতার বিষয়টিকে ‘যৌন নিপীড়ন’ বলে সংজ্ঞায়িত ছিল, তা সরিয়ে ফেলার আদেশ দেন।
এমনিতেই গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে তুরস্ক ও ইউরোপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার ওপর সাংবিধানিক আদালতের এমন আদেশে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও জটিল। কিছুদিন আগে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্ন তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) করার আলোচনায় ইতি টানার পরামর্শ দেন। তাঁর ভাষ্য, ২০০৫ সালে এ আলোচনা শুরুর পর খুব বেশি অগ্রগতি হয়নি। এর জবাবে গত সপ্তাহে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দেশটিকে ‘বর্ণবাদের রাজধানী’ বলে মন্তব্য করেন।