তুরস্কে অস্ত্রের চালান স্থগিত করল জার্মানি
জার্মানির সরকার তুরস্কে সব ধরনের অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। বার্লিন গতকাল শুক্রবার বলেছে, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখছে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সম্প্রতি এর অন্যতম সদস্য তুরস্কের টানাপোড়েন চলছে। তুর্কি সরকার বেশ কয়েকজন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করলে পরিস্থিতি আরও খারাপ হয়। জার্মানি গত বৃহস্পতিবার আঙ্কারাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা তুরস্কে বিনিয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পর্যালোচনা করে দেখা হবে। জবাবে তুর্কি সরকার বার্লিনের এই পদক্ষেপকে ‘হুমকি’ আখ্যা দেয়।
জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয় বলেছে, মানবাধিকারের মর্যাদা রক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের সরকার তুরস্কে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি স্থগিত রাখার এই সিদ্ধান্ত নিয়েছে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের গুরুত্বপূর্ণ সহযোগী পিটার আল্টমায়ার টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ‘পরবর্তী পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা যেকোনো সময় সিদ্ধান্ত নেব।’
তুরস্কে গত বছর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার ঘটনার পর থেকে জার্মানির সঙ্গে দেশটির সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটে। সেই থেকে এ পর্যন্ত তুরস্কে অস্ত্রের পৃথক ১১টি চালান আটকে দেয় জার্মানি।
তুরস্কের একটি আদালত গত মঙ্গলবার ছয়জন মানবাধিকারকর্মীকে একটি ‘সন্ত্রাসী সংগঠনকে’ মদদ দেওয়ার অভিযোগে আটক রাখার নির্দেশ দেন। ওই ছয়জনের একজন জার্মান নাগরিক পিটার স্টুয়েডনার।