তুরস্কের আত্মঘাতী হামলাকারী সম্ভবত শিশু নয়
তুরস্কে কুর্দি সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী সেই হামলাকারী সম্ভবত শিশু নয়। হামলাকারী ১২ থেকে ১৪ বছরের শিশু হতে পারে বলে সরকারের তরফ থেকে আগে জানানো হলেও সেই বক্তব্য থেকে সরে গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী নতুন এ তথ্য জানান।
গাজিয়ানতেপ শহরে গত শনিবার রাতে ওই হামলায় ৫১ জন নিহত হয়। এরপর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, হামলাকারীর বয়স ১২ থেকে ১৪ বছরের মাঝামাঝি। প্রাথমিক তদন্ত অনুযায়ী এ ঘটনায় আইএস জড়িত রয়েছে। গাজিয়ানতেপ এলাকায় আইএস নিজেদের অবস্থান শক্তিশালী করতে চেয়েছিল। তুর্কি শহরটির অবস্থান সিরিয়া থেকে মাত্র ৬০ কিলোমিটার উত্তরে।
তবে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গতকাল বলেন, হামলাকারী সম্ভবত শিশু নয়। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।
তুর্কি সংবাদপত্র হুরিয়েত লিখেছে, হামলাকারীর পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
সরকারের একজন কর্মকর্তা বলেন, হামলায় যারা নিহত হয়, তাদের বেশির ভাগই শিশু-কিশোর। পরিচয় মিলেছে ৪৪ জনের। এর মধ্যে ২৯ জনের বয়স ১৮ বছরের কম। আর ২২ জনের বয়স ১৪ বছরের কম।
বিয়ের ওই অনুষ্ঠানের বর-কনে দুজনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সির্ত এলাকা থেকে গাজিয়ানতেপে গিয়েছিলেন।