তুরস্কে আবার গণগ্রেপ্তারে পাকড়াও হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের এক হাজারেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, দেশজুড়ে মঙ্গলবার রাতভর এ অভিযান চলে, যা গতকাল বুধবারও অব্যাহত ছিল।

সাম্প্রতিক গণভোটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব পাস হওয়ার পর এই প্রথম এত বড় ধরনের গ্রেপ্তার অভিযান চালানো হলো দেশটিতে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুর বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, দেশের ৭২টি প্রদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ অভিযানে পুলিশের প্রায় সাড়ে আট হাজার সদস্য অংশ নেন। শুধু ইস্তাম্বুলেই ৩৯০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অভিযান শেষ হয়নি। কাজেই আটক ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘তুরস্কের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্রের বরাত দিয়ে তুরস্কের হুরিয়াত সংবাদপত্র জানায়, দেশজুড়ে সাত হাজার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অভিযানটি পরিচালনা করছে। সন্দেহভাজন সবাই গুলেনের সমর্থক, যারা রাষ্ট্রের পুলিশ বা অন্য প্রতিষ্ঠানগুলোয় প্রবেশের চেষ্টা করছে।

প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতা থেকে উৎখাতের লক্ষ্যে তুরস্কে গত বছরের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য হিজমত আন্দোলনের নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে তুর্কি কর্তৃপক্ষ। এরদোয়ানের সমালোচক গুলেনের সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়েছে দেশটির সরকার। তবে গুলেন তাঁর বিরুদ্ধে তোলা এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে তাঁর সংগঠনও নিজেদের ‘শান্তিকামী সংগঠন’ বলে দাবি করেছে। গুলেন ১৯৯৯ সালে তুরস্ক ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে যাওয়ার পর তুরস্ক বারবার তাঁকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে এসেছে।

গত বছরের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর জারি করা জরুরি অবস্থার মধ্যে গত নয় মাসে তুরস্কে প্রায় ৪৭ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।