তুরস্কে আরও ১০ হাজার সরকারি কর্মচারী অপসারণ
তুরস্কের সরকার ১০ হাজারের বেশি সরকারি চাকরিজীবীকে অপসারণ করেছে। সরকার বলেছে, যাঁদের অপসারণ করা হয়েছে, তাঁরা যুক্তরাষ্ট্রপ্রবাসী আধ্যাত্মিক নেতা ফেতুল্লা গুলেনের সমর্থক। গুলেনকে গত জুলাইয়ে দেশটিতে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের হোতা বলে অভিযুক্ত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের অভ্যুত্থানের পর তুরস্ক সরকার এ যাবৎ ৩৭ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আর লক্ষাধিক সরকারি কর্মচারী, বিচারক, সরকারি কৌঁসুলি ও পুলিশকে চাকরিচ্যুত বা বহিষ্কার করেছে। গ্রেপ্তার ও চাকরিচ্যুতির কারণ হিসেবে তুরস্ক সরকার বরাবরই বলে এসেছে, রাষ্ট্রীয় সব জায়গা থেকে ফেতুল্লা গুলেনের সমর্থকদের মূলোৎপাটন করা দরকার।
গতকাল শনিবার রাতে প্রকাশিত সরকারি গেজেটে মোট ১০ হাজার ১৩১ জনকে বরখাস্ত করা হয়েছে। এঁদের বেশি ভাগই শিক্ষা, বিচার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ভুক্ত চাকরিজীবী। একই সঙ্গে সরকার ১৫টি গণমাধ্যম কার্যালয় বন্ধ ঘোষণা করেছে। এই ১৫টির মধ্যে বেশির ভাগই কুর্দি মালিকানাধীন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেক্টর নির্বাচনও স্থগিত করা হয়েছে। দেশের উচ্চশিক্ষা বোর্ডের সুপারিশে প্রেসিডেন্ট এরদোয়ান রেক্টর নিয়োগ দেন।
জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের পর দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়। এরপর এই জরুরি অবস্থার মেয়াদ আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। তুরস্ক সরকারের এই কঠোর নীতির সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন এবং দেশটির পশ্চিমা মিত্ররা। যদিও এরদোয়ান সরকার বারবারই বলেছে, জুলাইয়ের অভ্যুত্থানের পর যে হুমকি সৃষ্টি হয়েছে, তাতে এ ধরনের ব্যবস্থা নেওয়াটা যৌক্তিক। ওই অভ্যুত্থানে ২৪০ জন নিহত হয়।