তুরস্কে আরও ১৫ হাজার কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইয়ে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে ‘শুদ্ধি’ অভিযান অব্যাহত রয়েছে। জরুরি অবস্থার মধ্যে গতকাল মঙ্গলবার ১৫ হাজারের বেশি সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‘শুদ্ধি’ অভিযান থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

অভ্যুত্থান-চেষ্টার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার মাসের বেশি সময় ধরে সামরিক, পুলিশ, বিচার বিভাগ ও শিক্ষা খাতের এক লাখের বেশি লোককে গ্রেপ্তার, চাকরি থেকে স্থায়ী ও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল সরকারি নির্দেশনার মাধ্যমে অব্যাহতি দেওয়া লোকজনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ৭ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুলিশপ্রধান ও বিভিন্ন শহরের পুলিশ কমিশনারও রয়েছেন। এ ছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রায় ২ হাজার সদস্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর আরও ৪০০ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার কর্মকর্তাকেও চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৩৭৫টি সংস্থা, ৯টি প্রাদেশিক গণমাধ্যম এবং ১৯টি সেবা প্রতিষ্ঠানও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।