তুরস্কে উইকিলিকস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির সদস্যদের ফাঁস হওয়া লাখ লাখ ব্যক্তিগত ই-মেইলের প্রকাশ দেশটির সীমানায় আটকে দিল সেখানকার সরকার। উইকিলিকসে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দলীয় ব্যক্তিদের ই-মেইল ফাঁসের কিছুক্ষণের মধ্যেই তুরস্কের ইন্টারনেট ওয়াচডগ-টিআইবি ওয়েবসাইটটি বন্ধ করে দেয়।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় ও শুদ্ধি অভিযান চলছে। এমন চাঞ্চল্যকর এক সময়ে ক্ষমতাসীন দলের ই-মেইল উইকিলিকস ফাঁস করল।

জানা গেছে, বুধবার উইকিলিকস একে পার্টির সদস্যদের কয়েক লাখ ই-মেইল প্রকাশ করে। এতে পার্টি সদস্যদের বর্তমান ফোন নম্বরও ছিল। ইন্টারনেট কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কে উইকিলিকসের বিরুদ্ধে ‘প্রশাসনিক পদক্ষেপ’ নেওয়া হয়েছে। আর একাধিক টুইটার বার্তায় উইকিলিকস জানিয়েছে, ওয়েবসাইটে এরদোয়ানের একে পার্টির ২ লাখ ৯৪ হাজার ৫৪৮টি ই-মেইল প্রকাশ করা হয়েছে।

ই-মেইলে কৌতুক: নাম না প্রকাশের শর্তে তুরস্কের সরকারি এক কর্মকর্তা বলেন, এমপিদের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য ফাঁস করার কারণে উইকিলিকসের ওয়েবসাইট দেখার সুযোগ বন্ধ করা হয়েছে। ফাঁস হওয়া ই-মেইলের বিষয়বস্তু তুরস্ক ও একে পার্টির জন্য স্পর্শকাতর নয়। এবং ওই ই-মেইলগুলোতে মূলত স্প্যাম, সামাজিক কর্মসূচির হালনাগাদ তথ্য ও এপ্রিল ফুল দিবসের কৌতুক রয়েছে।