তুরস্কে কার্টুন প্রকাশের ঘটনায় তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের বহুল প্রচারিত চুমহুরিয়েত পত্রিকার দুই কলাম লেখকের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। তাঁদের লেখার সঙ্গে ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় ছাপা হওয়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন অলংকরণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। খবর এএফপির।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া জানায়, ‘জনগণকে ঘৃণার উসকানি দেওয়া এবং এবং ধর্মীয় মূল্যবোধের অবমাননা করার’ অভিযোগে সেইদা কারান ও হিকমেত সেতিনকায়া নামে ওই দুই কলাম লেখকের বিরুদ্ধে বৃহস্পতিবার তদন্ত শুরু হয়েছে।
চুমহুরিয়েত পত্রিকায় বৃহস্পতিবার চার পৃষ্ঠাজুড়ে শার্লি এবদোর নতুন সংখ্যায় ছাপা কার্টুন ও লেখা প্রকাশিত হয়েছে। এর মধ্যে ছিল নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম এবং ইরাক ও সিরিয়ায় সক্রিয় সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের নিয়ে কার্টুন। চুমহুরিয়েত পত্রিকা বলেছিল, বাক ও সংবাদপত্রের স্বাধীনতাকে সমুন্নত রাখতে তারা এগুলো পুনঃপ্রকাশ করেছে। তখনই অনেকে বলেছিলেন, মুসলিমপ্রধান তুরস্কে এর নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে।
হুঁশিয়ার করে দিয়ে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছিলেন, মহানবী (সা.)-এর কোনো অবমাননা বরদাশত করা হবে না। বাকস্বাধীনতা মানে অবমাননার স্বাধীনতা নয়। তাঁর বক্তব্যের পরই চুমহুরিয়েত-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ইস্তাম্বুলে পত্রিকাটির ছাপাখানায় পুলিশ তল্লাশি চালিয়েছে।
অ্যামনেস্টির উদ্বেগ: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তুরস্কে চুমহুরিয়েত-এর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ফলে সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভীতিকর প্রভাব পড়বে।
অ্যামনেস্টির তুরস্ক শাখার গবেষক অ্যান্ড্রু গার্ডনার বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত করার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনে কেবল অপরাধ বা অবমাননা করার পরিপ্রেক্ষিতে কারও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করার অনুমোদন নেই।