তুরস্কে গোয়েন্দা সংস্থার ৮৭ কর্মী বরখাস্ত
তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার ৮৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এঁদের মধ্যে ৫২ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু আজ মঙ্গলবার এসব তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়।
খবরে বলা হয়, অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার ১৪১ জন কর্মীর মধ্যে ৮৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এ অভ্যুত্থান সম্পর্কে আগে থেকে সরকারকে সতর্ক করতে না পারায় ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয় গোয়েন্দা সংস্থাকে।
গত ১৫ জুলাই সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সর্বত্র ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ পর্যন্ত বিভিন্ন বাহিনীর ১৮ হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে হাজার হাজার সদস্যকে। কিন্তু এই প্রথম গোয়েন্দা বাহিনী থেকে ছাঁটাইয়ের ঘটনা ঘটল।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান অভিযোগ করেন ওই অভ্যুত্থানের চেষ্টাকারী মূল হোতাদের পশ্চিমা দেশগুলো সমর্থন দিয়েছে। একই সঙ্গে ‘অভ্যুত্থানের মূল মদদদাতা’ হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করেন। যদিও গুলেন ও তাঁর সমর্থক যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন এ অভিযোগ অস্বীকার করেছে। তিনি অভ্যুত্থানচেষ্টার নিন্দাও করেছেন।
এরদোয়ানের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ফেতুল্লা গুলেন একজন ইসলাম প্রচারক। তিনি এখন থাকেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পার্বত্য এলাকার একটি ছোট শহরে। ১৯৯৯ সাল থেকে তিনি সেখানে আছেন। নিজ দেশ তুরস্কে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠার পর থেকেই তাঁর যুক্তরাষ্ট্রে বসবাস।
সাম্প্রতিক সময়ে হিজমত নামে পরিচিত গুলেন সমর্থকদের আন্দোলন তুরস্কে বেশ জনপ্রিয় হয়ে ওঠায় এরদোয়ান ও গুলেনের সম্পর্কের অবনতি ঘটে। তুরস্কের গণমাধ্যম, পুলিশ এবং বিচার বিভাগে এ আন্দোলন জনপ্রিয়তা পেয়েছে। আর এ বিষয়টি নিয়েই একসময়ের সহযোগী গুলেন পরিণত হয়েছেন এরদোয়ানের শত্রুতে।