তুরস্কে থানায় গাড়িবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে একটি থানায় গাড়িবোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের ওই হামলায় থানার পাশে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের জন্য নির্মিত আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
দেশটির সরকার হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের দায়ী করেছে। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। বোমা হামলার পর হামলাকারীরা রকেট নিক্ষেপ ও গুলি বর্ষণ করে।
দিয়ারবাকির প্রদেশের গভর্নর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়িবোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ক্ষতিগ্রস্ত ভবন ধসে আরও চারজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছেন। অন্য ব্যক্তিরা ভবন ধসে আহত হন।
তুরস্কের ইস্তাম্বুল শহরের জনপ্রিয় পর্যটন এলাকায় গত মঙ্গলবারের শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় আটজন জার্মান পর্যটকসহ ১০ জন নিহত হওয়ার দুদিনের মাথায় এ হামলার ঘটনা ঘটল।
তুর্কি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রদেশের সিনার জেলায় ওই হামলায় পুলিশের আবাসিক ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বাইরের দেয়াল পুরোটাই উড়ে গেছে।
তুরস্কের বার্তা সংস্থা দোগান জানায়, হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ হয়েছে। হামলাকারীদের ধরতে সিনার জেলার সব কটি প্রবেশ ও বাইরে যাওয়ার পথ বন্ধ করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
পার্শ্ববর্তী মারদিন প্রদেশের মিদিয়াত শহরেও একটি থানায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। অবশ্য হতাহতের কোনো তথ্য এখনো মেলেনি।
দিয়ারবাকির প্রদেশে সম্প্রতি তুর্কি সেনাবাহিনী ও পিকেকের কর্মীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছর দিয়ারবাকিরসহ দক্ষিণ-পূর্ব তুরস্কের বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সান্ধ্য আইন জারি করা হয়েছিল। নিরাপত্তা অভিযানের সময় পূর্বাঞ্চলে এক বোমা বিস্ফোরণে ১৬ সেনা নিহত এবং বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় ১৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ওই সান্ধ্য আইন জারি করা হয়।
গত জুলাই মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির অবসান ঘটে।