তুরস্কে নিশানায় এবার সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে সেনা, পুলিশ, বিচারক ও শিক্ষকের পর এবার ভিন্নমতের সাংবাদিকদের ওপর খড়গহস্ত হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার। এর অংশ হিসেবে গতকাল রোববার ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তুরস্কের সংবাদভিত্তিক বিভিন্ন টেলিভিশন চ্যানেল এ খবর প্রচার করেছে।
সেনা অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর এরদোয়ান যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন তা থেকে রাষ্ট্রদূতেরাও বাদ পড়েননি। অভ্যুত্থানচেষ্টায় সম্পৃক্ততা সন্দেহে কয়েকজন রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হবে বলে গতকাল জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চোগোসোগলো। বেসরকারি সম্প্রচারমাধ্যম হাবারতুর্কে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল তিনি বলেন, কয়েকজন রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হবে। কারণ তাঁদের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় যোগসাজশ থাকার খবর মিলেছে।
যেসব সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁদের মধ্যে দেশটির বিশিষ্ট সাংবাদিক নাজলি ইলিকাকও রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলুর খবরে বলা হয়, ইস্তাম্বুলের সন্ত্রাসবিরোধী কৌঁসুলি ইরফান ফিদান বলেছেন, সাংবাদিকদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। নাজলি ইলিকাককে তাঁর ইস্তাম্বুলের বাড়িতে পাওয়া যায়নি। একটি দুর্নীতি কেলেঙ্কারিতে মন্ত্রীদের সম্পৃক্ততার সমালোচনা করার পর ইলিকাককে ২০১৩ সালে সরকারপন্থী দৈনিক সাবহ থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। তুর্কি সরকার ২০১৩ সালের ওই দুর্নীতি কেলেঙ্কারির জন্য মার্কিন-প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করে থাকে। এবারের অভ্যুত্থানচেষ্টার জন্যও গুলেনকে দায়ী করা হচ্ছে। অভ্যুত্থানচেষ্টার আগেও এরদোয়ানের বিরুদ্ধে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ছিল। তবে সেই অভিযোগ বরাবরই তুর্কি সরকার অস্বীকার করে এসেছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতা থেকে হটাতে ১৫ জুলাই অভ্যুত্থানচেষ্টার জেরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে তুর্কি সরকার। ইতিমধ্যে ৬০ হাজারের বেশি সেনা, পুলিশ, বিচারক, শিক্ষক, সরকারি কর্মচারীসহ অনেককে গ্রেপ্তার, আটক কিংবা বরখাস্ত করা হয়েছে।