তুরস্কে নৌকা ডুবে ৩৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
তুরস্কের পশ্চিম উপকূলে গতকাল মঙ্গলবার নৌকাডুবিতে সাত শিশুসহ অন্তত ৩৬ জন অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবির এ ঘটনা ঘটে। খবর এএফপির।
তুরস্কের কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, উপকূলে ৩৬টি লাশ ভেসে এসেছে। ঠিক কয়টি নৌকা ডুবেছে, তা এখনো নিশ্চিত না। তবে বার্তা সংস্থা দোগান বলেছে, অন্তত দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। সেখানে বলা হয়েছে, দুর্ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়েছে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ছয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। দোগানের প্রকাশিত ছবিতে জামা-জুতা ও লাইফ জ্যাকেট পরা নিথর দেহগুলো সমুদ্রতীরে পড়ে থাকতে দেখা যায়।
তুরস্কের উপকূলীয় শহর দিকিলি থেকে একটি নৌকায় করে গ্রিসের লেসবস দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল ২২ জন অভিবাসনপ্রত্যাশী। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। প্রসঙ্গত, গত বছর প্রায় সাড়ে আট লাখ অভিবাসী গ্রিসে যায়।
তুরস্কের স্থানীয় প্রশাসনের ধারণা, প্রথম দুর্ঘটনার শিকার ব্যক্তিরা ইরাক, আলজেরিয়া ও সিরিয়ার নাগরিক। তবে দ্বিতীয় নৌকাডুবিতে হতাহতরা কোন দেশের তা জানা যায়নি।
নতুন বছরে নৌকা ডুবে অভিবাসন-প্রত্যাশীদের মৃত্যুর ঘটনা এই প্রথম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলেছে, গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থী যায় ইউরোপে। এ সংখ্যা এর আগের বছরের চেয়ে পাঁচ গুণ বেশি। এসব শরণার্থীর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিকদের সংখ্যাই বেশি। দুর্গম সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয় অনেকের। গত বছরের সেপ্টেম্বরে তুরস্কের উপকূলে সিরিয়ার শিশু আয়লান কুর্দির নিথর ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে ইউরোপের টনক নড়ে।
গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউরোপমুখী শরণার্থীর স্রোত কমাতে তুরস্ককে আর্থিক সহায়তা দিতে একটি চুক্তি স্বাক্ষর করে।