তুরস্কে পুলিশের দপ্তরে রক্তক্ষয়ী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের কুর্দি-অধ্যুষিত সিজরা শহরে গতকাল শুক্রবার স্থানীয় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত এবং অনেকে আহত হয়েছেন। সীমান্ত-সংলগ্ন সিরিয়ার আইএস ও কুর্দি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় তুরস্ক সামরিক অভিযান শুরুর দুদিন পর এ ঘটনা ঘটল।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার না করলেও বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্দেহাতীতভাবে দায়ী করেছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় তিন দশক ধরে লড়াই চালাচ্ছে সংগঠনটি।

গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টায় বিপুলসংখ্যক মানুষের হতাহতের ঘটনার রেশ কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই এ হামলা হলো। এক বছরের বেশি সময় আগে পিকেকের সঙ্গে সরকারের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর দেশটিতে সংঘটিত বেশ কিছু রক্তক্ষয়ী হামলার মধ্যে এটা সাম্প্রতিকতম। গত শনিবারই তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ানতেপে এক বিয়ের অনুষ্ঠানে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় ৫০ জনের বেশি নিহত হয়।

ঘটনাস্থল সিজরা শহরের অবস্থান দক্ষিণ-পূর্ব তুরস্কের সিরনাক প্রদেশে। প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, আত্মঘাতী ওই হামলায় ১১ পুলিশ সদস্য ছাড়াও তিনজন বেসামরিক লোকসহ ৭৮ জন আহত হয়েছেন। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, হতাহত ও ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষকে উদ্ধারে ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, কালো ধোঁয়ায় ঘটনাস্থলের আকাশ ছেয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পুলিশ সদর দপ্তরের বেশ কয়েক জায়গায় আগুন জ্বলছে। বিশাল চারতলা ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অক্ষত নেই কোনো দেয়াল বা জানালা। 

গতকালের হামলার পর সিরনাক প্রদেশের রাজধানী সিজরার প্রধান সড়কগুলোতে অবস্থান নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গতকাল ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, তুরস্ক সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এ হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করে ইলদিরিম আরও বলেন, কোনো সন্ত্রাসী সংগঠন তুরস্ককে জিম্মি করতে পারবে না।

উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস এক টুইটার বার্তায় বলেন, গত মাসে সংঘটিত অভ্যুত্থানচেষ্টার সুবিধা নিতে ইসলামিক স্টেট (আইএস), পিকেকে ও সিরিয়ার কুর্দি সংগঠন ওয়াইপিজির বিদ্রোহীরা সবাই তুরস্কে হামলা চালাচ্ছে।

দেশের বাইরে আইএস ও ভেতরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মধ্যে সাম্প্রতিক রক্তাক্ত অভ্যুত্থানচেষ্টা এবং একের পর এক হামলার ঘটনায় ন্যাটো সদস্যদেশটির নিজেকে রক্ষার সামর্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

তুরস্কের বিরুদ্ধে পিকেকে ১৯৮৪ সালে প্রথম অস্ত্র হাতে তুলে নেয়। তখন থেকে এ পর্যন্ত ওই সংঘাতে তুরস্কে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। ২০১৫ সালে সরকারের সঙ্গে কুর্দি বিদ্রোহীদের আড়াই বছরের পুরোনো শান্তিপ্রক্রিয়া ভেস্তে যায়। তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত সংগঠনটি।