তুরস্কে পুলিশের সদর দপ্তরে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে পুলিশের সদর দপ্তরে একটি গাড়িবোমা হামলা হয়েছে। এতে এক নারী ও এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২২ জন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রদেশের সিনার জেলায় পুলিশের ওই সদর দপ্তর অবস্থিত। হামলার স্থানে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

তুর্কি সরকার এই হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের দায়ী করেছে। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুলিশ ভবনে প্রবেশের পথে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার আঘাতে আশপাশের একাধিক আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশটিতে তুর্কি সেনাবাহিনী ও পিকেকের জঙ্গিদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।